Breaking News

ডাবগ্রাম-ফুলবাড়িতে ‘মা বনাম ছেলে’ লড়াই!মা বিজেপির শিখার আশীর্বাদ নিয়েই প্রচারে ছেলে তৃণমূলের রঞ্জন

দেবরীনা মণ্ডল সাহা :-বিজেপি প্রার্থী ‘মা’য়ের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ‘ছেলে’ ৷ ভোটের ময়দানে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বনাম তৃণমূলের লড়াই এবার এরকমই ৷ এই বিধানসভা আসনে এবার বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক শিখা চট্টোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে এবার রাজ্যের শাসকদল প্রার্থী করেছে তার ছেলে রঞ্জন শীল শর্মাকে । আর প্রার্থী হওয়ার পর প্রচারের শুরুতেই বৃহস্পতিবার সকাল সকাল সেই মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন ছেলে রঞ্জন ।জানা গিয়েছে, খুব ছোটবেলায় বাবাকে হারান রঞ্জন। এরপর শিখা চট্টোপাধ্যায়ের কাছে ছোট রঞ্জনকে নিয়ে গিয়েছিলেন তাঁর মা। শিখাকে অনুরোধ করেন, ছেলেকে দেখভাল করার জন্য। তারপর রঞ্জনের মা-ও মারা যান। কার্যত ছোটবেলা থেকে রঞ্জনকে মানুষ করেছেন শিখা। তাঁকে মা বলেই ডাকেন রঞ্জন। শুধু বড় করা নয়, রঞ্জনের রাজনীতিতেও প্রবেশ শিখা চট্টোপাধ্যায়ের হাত ধরে। শিখাও একসময় তৃণমূলই করতেন। কিন্তু, দলে মনোমালিন্য হওয়ায় ফুল বদলান তিনি। পদ্ম শিবিরে চলে যান। মা দল বদলালেও রঞ্জন তৃণমূলেই থেকে যান। এই মুহূর্তে শিলিগুড়ি পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন। দার্জিলিং তৃণমূল কংগ্রেসের সমতলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই বুধবার শহরে পৌঁছন ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা ৷ তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় দলের কর্মী সমর্থকদের মধ্যে । তবে মা ডাকলেও ভোটের ময়দানে প্রতিপক্ষকে একচুল জমিও ছাড়তে নারাজ রঞ্জন ৷ বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমালোচনা করে এদিন রঞ্জন বার্তা দেন জিতলেই ডাবগ্রাম-ফুলবাড়িব চারটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে পুরসভা করা হবে । এদিন নিউ জলপাইগুড়ি পৌঁছে কর্মীদের সঙ্গে মিশে যান রঞ্জন । বিজেপির কাছে হেরে যাওয়া ওই আসন ফের পুনরুদ্ধার করার লক্ষ্য তাঁর ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *