দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই প্রচারের সূচনা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভার মাধ্যমে শুরু হচ্ছে হাইভোল্টেজ প্রচার। সূত্রের খবর, সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে এই কর্মিসভা। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুরের সব দলীয় কাউন্সিলর। সভা থেকেই নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করার পাশাপাশি স্থানীয় প্রচারের রূপরেখা ঠিক করে দিতে পারেন দলনেত্রী।২০২১ সালের উপনির্বাচন থেকে ভবানীপুর জুড়ে একটাই স্লোগান শোনা গিয়েছে – ‘উন্নয়ন ঘরে ঘরে/ ঘরের মেয়ে ভবানীপুরে।’ ছাব্বিশের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় এই কেন্দ্র থেকে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেই ফের ভবানীপুরবাসী ফিরিয়ে এনেছেন সেই স্লোগান। দিকে দিকে হোর্ডিং, ব্যানার টাঙানো শুরু হয়েছে। সেইসঙ্গে এতগুলো বছর ধরে ভবানীপুরে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে একই বাড়িতে বারবার যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কর্মীদের। এবারের লড়াইয়ে ভবানীপুরে মমতার প্রতিপক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্র ঘিরে উত্তেজনা তুঙ্গে। কর্মীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে নিজেদের ছন্দেই প্রচার চালাতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal