নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-কলকাতার আরজি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত্যুর তদন্তে গতি আনতে মাঠে নেমেছে রাজ্যের ফরেন্সিক দল। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। লিফট কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, যান্ত্রিক ত্রুটির কারণ কী – এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই ফরেন্সিক রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। এদিকে, এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তিনজন লিফট অপারেটর এবং দুই নিরাপত্তারক্ষী।তদন্তকারীদের দাবি, দায়িত্বে গাফিলতির অভিযোগেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পরই টালা থানা তাঁদের গ্রেফতার করে।ধৃত তিন লিফ্টম্যান এবং দুই নিরাপত্তাকর্মীকে শনিবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের ছ’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।শুক্রবারের ওই লিফ্ট বিপর্যয়ে মৃত্যুর একমাত্র প্রাপ্তবয়স্ক প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী। পরিবারের বক্তব্য, অরূপ যখন বেসমেন্টে আটকে পড়া লিফ্ট থেকে বেরোতে যান, তখনই লিফ্ট উপরের দিকে উঠতে শুরু করে। সেই সময় লিফ্ট এবং দেওয়ালের মাঝে আটকে পড়েন তিনি। আরজি করের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ও পরিবারের এই বক্তব্যের কথা জানিয়েছেন। তবে বেসমেন্টে গিয়ে থমকে যাওয়ার পরে সেই লিফ্ট কী ভাবে আবার উপরের দিকে উঠতে শুরু করল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
শনিবার আদালত চত্বরে নিহতের পরিবারের আইনজীবী জানান, যখন অরূপ এবং তাঁর পরিবার বেসমেন্টে আটকে ছিলেন, তখন একতলায় থাকা আত্মীয়েরা বিভিন্ন জনের কাছে সাহায্য চাইছিলেন। ওই সময়েই তিন জন ব্যক্তি এসে নিজেদের লিফ্টম্যান বলে পরিচয় দেন। আইনজীবী জানান, ওই তিন জনের মধ্যে এক জন উপরে চলে যান। তার পরে তিনিই হয়তো আচমকা উপর থেকে লিফ্টটি ‘অন’ করে দেন বলে সন্দেহ পরিবারের।নিহতের পরিবারের আইনজীবী আরও জানান, বন্দ্যোপাধ্যায় পরিবার লিফ্টটিতে ওঠার আগে থেকেই সেটিতে সমস্যা ছিল। লিফ্টে ওঠার পর পরই তা বুঝতে পারেন বলে দাবি আইনজীবীর। তিনি আরও জানান, অরূপেরা ওই লিফ্টে ওঠার আগেই তাঁদের এক আত্মীয় ওই লিফ্টটিতে উপরে গিয়েছিলেন। তাঁরও মনে হয়েছিল, লিফ্টে সমস্যা রয়েছে। লিফ্টটি যে ওঠানামা করেছিল, তা-ও জানান আইনজীবী। তবে ভবনের কোন তল থেকে কোন তলের মধ্যে ওঠানামা হয়েছে, তা নির্দিষ্ট ভাবে বলতে পারছেন না তিনি। আইনজীবী বলেন, “নিহতের স্ত্রী বর্ণনা করছেন, লিফ্টটি ওঠানামা করে। শেষে সেটি বেসমেন্টে এসে দাঁড়িয়ে যায়। লিফ্টের দরজাটা সেখানে কিছুটা খুললেও, সামনে আর একটি গ্রিলের গেট ছিল। সেটি খোলা যায়নি। সেটি লক ছিল।”
Hindustan TV Bangla Bengali News Portal