প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে চরম উত্তেজনা বরানগরে৷ দু পক্ষের মধ্যে চলছে স্লোগান, পাল্টা স্লোগান| ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ| স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপাল লাল ঠাকুর রোডে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সায়ন্তিকা এলাকায় পৌঁছতেই বিজেপি কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগানে জবাব দেয় তৃণমূল। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের উপস্থিতিতেই দু’পক্ষ ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। চরম উত্তেজনার জেরে কার্যত থমকে যায় গোটা গোপাললাল ঠাকুর রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।তৃণমূলের অভিযোগ, তাদের পোস্টার লাগাতে বাধা দিয়ে বিজেপি কর্মীরা মারধর করে এবং বহিরাগত এনে অশান্তি ছড়ায়। তৃণমূল প্রার্থী সায়ন্তিকার দাবি, “আমাদের শান্তিপূর্ণ প্রচারের মধ্যে হঠাৎ বাধা দেওয়া হয়। প্রতিবাদ করতেই আমাদের কর্মীদের মারধর করা হয়েছে, মহিলা কর্মীদেরও ছেড়ে দেওয়া হয়নি। বাইরে থেকে বহিরাগত এনে হকি স্টিক দিয়ে আক্রমণ করা হয়েছে। শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা চলছে। এর জবাব মানুষ দেবে।”
Hindustan TV Bangla Bengali News Portal