প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভরদুপুরে ভয়াবহ হত্যাকাণ্ড। গড়িয়ায় নিজের বিউটি পার্লারের ভেতরেই এক মহিলাকে নৃশংসভাবে খুন। খুনের পর আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে গড়িয়ার তেঁতুলতলায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই জোড়া মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রূপবাণী দাস। বয়স আনুমানিক ৫০ বছর। তিনি গড়িয়া এলাকায় নরেন্দ্রপুর থানার অর্ন্তগত মহামায়াতলায় একটি বিউটিপার্লারের দোকান চালাতেন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে পার্লারে ঢুকে ভিনরাজ্যের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে মহিলাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই কাণ্ড দেখে ভয়ে পালিয়ে যান আশেপাশের দোকানদাররা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পার্লার থেকে উদ্ধার হয়ে যুবকের দেহ। যুবক কাশ্মীরের বাসিন্দা জানা গেলেও, তার নাম পরিচয় কিছু জানা যায়নি। পুলিশ তা জানার চেষ্টা করছে।স্থানীয় সূত্রে খবর, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ রূপবাণীর স্বামী তাঁকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে বাইক নিয়ে চলে যান। খানিক ক্ষণের মধ্যে এক যুবক পার্লারে উপস্থিত হন। তাঁর সঙ্গে পার্লারের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় রূপবাণীর। তার পর হামলা এবং আত্মহত্যার ঘটনা ঘটে।
১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় রূপবাণীর স্বামীর কাছে। তাঁকে জানানো হয়, ওই মহিলার সঙ্গে এক যুবকের প্রচণ্ড গোলমাল হচ্ছে। মারামারিও হচ্ছে। বাইক নিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েন রূপবাণীর স্বামী। সঙ্গে এক আত্মীয়কে নিয়েছিলেন তিনি। পার্লারে যখন তাঁরা পৌঁছোন, তখন রক্তে ভেসে যাচ্ছিল মেঝে। লোকজন জমে গিয়েছেন।জোড়া মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা দু’টি দেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবাণীর প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের টানাপড়েন থেকেই মঙ্গলবারের এই কাণ্ড। অন্য দিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলাকে কুপিয়ে খুন করার পর অভিযুক্ত নিজের গলায় ধারালো অস্ত্র চালান। দু’জনেই লুটিয়ে পড়েন পার্লারের মেঝেতে।স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়া এলাকায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দেহ দু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
Hindustan TV Bangla Bengali News Portal