নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- নির্বাচন কমিশনের একটি ছ’বছরের পুরনো নথি সোমবার প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যাতে পদ্মফুল চিহ্ন-সহ বিজেপির নাম লেখা সিল ব্যবহার করা হয়েছিল। মঙ্গলবার বিধানসভার নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে সেই নথি নিয়েই কমিশনকে বিঁধলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।হাতে ওই কাগজের প্রতিলিপি নিয়ে মমতা বলেন, ‘‘কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।’’ ছ’বছর আগের ওই ঘটনাকে ‘ক্লারিক্যাল মিস্টেক’ বলে সাফাই দিয়েছে কমিশন। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘‘এটা ক্লারিক্যাল মিস্টেক, না রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত?’’ মঙ্গলবার মমতা বলার আগে সকালে এ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে কমিশনকে নিশানা করেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, ”এই চিঠি শুধু কেরলের নয়। এখানে স্পষ্ট লেখা আছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য। বলা হচ্ছে, ক্লারিক্যাল মিসটেক। ক্লারিক্যাল মিসটেক নাকি পলিটিক্যাল এজেন্ডা?” এ প্রসঙ্গে বিরোধীদের কাছে তাঁর আবেদন, ”সবার বিরোধী রাজনৈতিক দলের কাছে আমার আবেদন, কমিশনের এই একপেশে কার্যকলাপের বিরুদ্ধে সকলে একসঙ্গে প্রতিবাদ করুন। কোনও রং না দেখে জোটবদ্ধ হতে হবে।” ঘটনা ২০১৯ সালের। সেসময়ে নির্বাচন কমিশনের পাঠানো একটি চিঠি কেরল সিপিএম পোস্ট করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনে সোমবার। সোশাল মিডিয়ায় পোস্ট করা ওই চিঠিতে দেখা গিয়েছে, বিজেপির প্রতীক -সহ সিলমোহর আছে। তা নিয়ে শুরু হয় চর্চা। তৃণমূল এতদিন কমিশন-বিজেপি আঁতাঁতের যে অভিযোগ তুলেছিল, তার সত্যতা প্রমাণিত হয় ওই চিঠিতে। আর তা নিয়ে সোমবার পালটা সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। আর মঙ্গলবার তা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী সরব হলেন।
Hindustan TV Bangla Bengali News Portal