Breaking News

এবার ভোটের কাজে গাড়ি দিলে মিলবে বাড়তি টাকা!বিধানসভা নির্বাচনের জন্য নেওয়া বেসরকারি গাড়ির ভাড়া ১০% বৃদ্ধি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নির্বাচনের কাজে নেওয়া গাড়ির ভাড়া গতবারের তুলনায় ১০ শতাংশ বাড়ানো হল। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। পাশাপাশি গাড়ির সঙ্গে থাকা চালক এবং খালাসিদের জন্য খোরাকিও বৃদ্ধি করা হয়েছে ১০ শতাংশ।পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনের সময় বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কাজে বিপুল সংখ্যক গাড়ি ভাড়া নেওয়া হয়। সেই প্রেক্ষিতে জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ছোট গাড়ি থেকে শুরু করে বড় বাস, মিনিবাস, ট্রাক, এমনকি জলপথে ব্যবহৃত লঞ্চ বা ভেসেল— সব ক্ষেত্রেই ভাড়ার হার সংশোধন করা হয়েছে। প্রতিটি গাড়ির ক্ষেত্রে দৈনিক ভাড়া, অতিরিক্ত সময়ের জন্য ঘণ্টাপ্রতি ভাড়া এবং নির্দিষ্ট কিলোমিটার অতিক্রম করলে অতিরিক্ত চার্জ নির্ধারণ করা হয়েছে।নির্বাচনের কাজের জন্য বাস-সহ অনেক যাত্রীবাহী গাড়ি ভাড়া নেওয়া হয়। সেই সব গাড়ি ভাড়া নিলে এবার মালিকদের কত টাকা করে দেবে কমিশন, তা স্থির করে দিল সরকার। চালক ও খালাসিদের খোরাকিবাবদ ২৮০ টাকা ধার্য করা হয়েছে। এ বার দিনপিছু সাধারণ বাসের ভাড়া ২৫৩০ টাকা থেকে বাড়িয়ে ২৭৮০ টাকা করা হয়েছে। মিনিবাসের ভাড়া ২০৯০ টাকা থেকে ২৩০০ টাকা করা হয়েছে। এ ছাড়াও ছোট যাত্রীবাহী গাড়ির (চালক-সহ সাতজন যাত্রী) ভাড়া ৮৯০ থেকে বেড়ে ৯৮০ টাকা হয়েছে। পাশাপাশি এ বছর নির্বাচনে ছোট, বড় ‘ম্যাক্সি ক্যাব’ নেওয়া হচ্ছে। ছোট ‘ম্যাক্সি ক্যাব’-এর ভাড়া ১৩১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪৪০ টাকা এবং বড় ‘ম্যাক্সি ক্যাব’-এর ভাড়া ১৫৬০ টাকা থেকে বেড়ে ১৭২০ টাকা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *