Breaking News

রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে মন্ত্রীদের নিতে হবে মুখ্যমন্ত্রীর অনুমতি!বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল স্বরাষ্ট্র দফতর

দেবরীনা মণ্ডল সাহা :-রাজ্যের বাইরের কোনও হাসপাতালে চিকিৎসা করাতে গেলে এবার থেকে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে। মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এই নিয়ম চালু করল নবান্ন। স্বরাষ্ট্র দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি ও দ্য কলকাতা গেজেট-এ প্রকাশিত একটি নির্দেশিকায় এই বিষয়ে জানানো হয়েছে। বাম আমল থেকেই মন্ত্রীদের মেডিক্যাল বিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জমানাতেও এই বিতর্ক থামেনি। তাই এবার মন্ত্রীদের মেডিক্যাল বিলে রাশ টানতে এই পদক্ষেপ করল নবান্ন|
এর আগে রাজ্যের বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের কোনও অনুমতি নিতে হত না। কিন্তু দেখা যায়, বেশ কিছু ক্ষেত্রে মন্ত্রীদের চিকিৎসার খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং সেই বিল মেটাতে হচ্ছে রাজ্য সরকারকে। নবান্নের এই পদক্ষেপের কারণে মন্ত্রীদের চিকিৎসায় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা যাবে। যে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা রাজ্যের হাসপাতালে করানো সম্ভব তার জন্য রাজ্যের বাইরের হাসপাতালে গিয়ে বেশি খরচ আটকানোও সম্ভব হবে। এরফলে সরকারের খরচ বাঁচবে।
প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে ব্যয়ের উপর নিয়ন্ত্রণের পাশাপাশি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে। প্রসঙ্গত, বামফ্রন্ট জমানায় তৎকালীন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের সরকারি অর্থে একটি মহার্ঘ চশমার দাম নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেও মন্ত্রী সাবিত্রী মিত্রের একটি মেডিক্যাল বিল নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এ বার রাজ্য সরকার মন্ত্রীদের চিকিৎসার খরচে রাশ টানতেই এমন পদক্ষেপ করেছে। এর আগে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের সরকারি খরচে রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে এমন অনুমতির প্রয়োজন ছিল না। ফলে নতুন এই নিয়ম প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *