দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাল নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যায় কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে প্রায় ১০ লক্ষ নাম থাকলেও, সামগ্রিক প্রক্রিয়ায় নাম বাদ পড়ার সংখ্যা আকাশছোঁয়া। নতুন করে আরও ১৩ লক্ষ নাম বাদ যাওয়ায় রাজ্যে এখনও পর্যন্ত মোট নাম বাদ পড়ার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৬ লক্ষ।কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ নামের মধ্যে জুডিশিয়াল অফিসাররা এখনও পর্যন্ত ৩২ লক্ষ নামের নিষ্পত্তি করেছেন। যার মধ্যে প্রায় ৪০ শতাংশ বা প্রায় ১৩ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। নিষ্পত্তি হওয়া নামের মাত্র ১০ লক্ষ নাম তোলা সম্ভব হয়েছে ওয়েবসাইটে।গত ২৭ অক্টোবর বাংলায় এসআইআরের কাজ শুরু হয়েছিল। সেদিনের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। মাঝে একটি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ যায়। এরপরের প্রকাশিত হওয়া চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ এবং বাদ পড়েছে অতিরিক্ত ৫ লক্ষেরও বেশি। অর্থাৎ সবমিলিয়ে বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। কিন্তু অতিরিক্ত তালিকায় কত নাম বাদ যায় সেদিকে সবার নজর ছিল।এরমধ্যেই সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু কত নাম বাদ তা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। কিন্তু বুধবার কমিশন সূত্রে খবর, সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া ২৯ লাখের মধ্যে অতিরিক্ত তালিকায় মাত্র ১০ লাখেরই নাম প্রকাশ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ‘ই-সাইন’ না আসায় সব নাম প্রথম তালিকায় প্রকাশ করা সম্ভব হয়নি বলেই দাবি কমিশনের। শুধু তাই নয়, ১০ লাখের মধ্যে কত নাম বাদ তাও স্পষ্ট নয়। তবে বুধবার পর্যন্ত ৩২ লাখ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ বাদ পড়েছে। অর্থাৎ ১৩ লক্ষ নাম নতুন করে বাদ পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় নাম বাদ প্রায় ৭৬ লাখ ভোটারের।
Hindustan TV Bangla Bengali News Portal