প্রসেনজিৎ ধর :-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোট ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এই তালিকায়।আর সেই তালিকায় সবচেয়ে বেশি নজর কাড়ল পানিহাটি কেন্দ্র। সেখানে প্রার্থী হয়েছেন আরজি করের নির্যাতিতার মা। গুঞ্জন আগেই ছিল। গত ১৯ মার্চ আরজি কর নির্যাতিতার মা বিজেপিতে যোগদানের কথা জানিয়েছিলেন। কিন্তু তিনি পানিহাটি থেকে প্রার্থী হবেন কিনা সেটা স্পষ্ট ছিল না। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। বিজেপির তৃতীয় তালিকায় আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা হতেই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। বুধবার প্রকাশিত তালিকায় একাধিক চমক রয়েছে। উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী প্রাক্তন এনএসজি কর্মী দীপাঞ্জন চক্রবর্তী। ডিফেন্স সেক্টরে তাঁর অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে সামনে রেখেই তাঁকে প্রার্থী করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে নতুন মুখের উপর জোর দিয়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বসু, রায়গঞ্জ (এসসি)-তে দীনেশ সরকার, ইসলামপুরে চিত্রজিত রায়, হেমতাবাদে হরিপদ বর্মন, ইংরেজবাজারে অম্লান ভাদুড়ি, শান্তিপুরে স্বপন দাসের নাম রয়েছে।হাওড়া মধ্য থেকে বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে ডঃ অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ, হরিপালে মতী মধুমিতা ঘোষ।
এছাড়াও তমলুকে ডঃ হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে ডঃ শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তফাদার, কাটোয়ায় কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে অনিল সিংহকে প্রার্থী করা হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই প্রার্থী তালিকা থেকে একটি বিষয় স্পষ্ট। এবার নতুন মুখকে সামনে এনে ভোটে নামতে চাইছে গেরুয়া শিবির।পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য দাবি করেছেন, “বিজেপি বাংলায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরাতে প্রস্তুত।” তিনি বলেন, বিজেপি ৩৬৫ দিনই সক্রিয়ভাবে কাজ করে এবং সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনী লড়াইয়ে নামছে।
Hindustan TV Bangla Bengali News Portal