Breaking News

প্রবল দুর্যোগে ১ ঘণ্টার উপরে মাঝ আকাশে চক্কর মমতার বিমানের!অবশেষে দুর্যোগ মাথায় দমদম বিমানবন্দরে নামল মমতার বিমান

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রবল দুর্যোগে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। অন্ডাল থেকে বিকেল ৪টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানের। সেই মতো ওড়ে ফ্লাইট। কিন্তু কলকাতায় বিমান ঢোকার আগেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। বিমানবন্দর চত্বরে বৃষ্টির দাপট আর ঝোড়ো হাওয়ার তাণ্ডবে বিমান ওঠানামা সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়। তার ফলেই মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। কলকাতায় নামতে না পারায় পাণ্ডুয়া-চাকদহ-পায়রাডাঙা-কালনা-জিরাটের আকাশে ঘুরতে থাকে বিমানটি। দীর্ঘ সময় পরে, ৫টা ১৮ মিনিটে নিরাপদে কলকাতার মাটিতে নামে মুখ্যমন্ত্রীর বিমান। এয়ারপোর্টে নেমে নিজের গাড়িতে বেরিয়ে যান তিনি।নির্বাচনী প্রচার শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মমতা। ছোট প্রাইভেট জেটে রয়েছেন তিনি। ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে তাঁর বিমানটি যাত্রা শুরু করে। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা অবতরণ করতে পারেনি। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল বিমানবন্দর সংলগ্ন এলাকায়। আপাতত তা কিছুটা কমেছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন। মেঘ ডাকছে। কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানানো হয়, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে মুখ্যমন্ত্রীর বিমানকে অবতরণের অনুমতি দেওয়া যাবে না। সে ক্ষেত্রে নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরে তা পাঠিয়ে দেওয়া হতে পারে। ফলে মুখ্যমন্ত্রীর বিমানের অবতরণ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু ক্ষণ ধরে আবহাওয়ার কারণে সেখানে বিমান পরিষেবা ব্যাহত হয়। ওই সময়ের মধ্যে কোনও বিমানই ওঠানামা করতে পারেনি।খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নামতে না পেরে কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, আবার কখনও ডায়মন্ড হারবারের আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। দীর্ঘ সময় ধরেই অবতরণের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া দফতর আগেই দমদম-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়াবিদদের মতে, ১০ থেকে ১২ কিলোমিটার উচ্চতার বজ্রগর্ভ মেঘের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি।সূত্রের খবর, একাধিকবার অবতরণের চেষ্টা করেও সফল হয়নি বিমানটি। মাঝেমধ্যে ঝড়ের দাপট কিছুটা কমলে বিমানটি কলকাতা বিমানবন্দরের দিকে এগোলেও, পরিস্থিতি আবার খারাপ হওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। বৃষ্টি আরও জোরদার হওয়ায় বিমানটি দক্ষিণমুখে ঘুরে যায়। এই অবস্থায় অবতরণের ঝুঁকি নিতে নারাজ বিমান কর্তৃপক্ষ। বিমানটি অন্ডালে ফিরে যাবে কি না, নাকি অন্য কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। একই সঙ্গে বিমানে পর্যাপ্ত জ্বালানি রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছিল। পরবর্তী সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছিল জ্বালানির অবস্থার উপর।এদিকে, কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব না হওয়ায় বিমানটি বেহালার দিকেও ঘুরে যায় বলে জানা যায়। বেহালা ফ্লাইং ক্লাবের আকাশে অন্তত তিন বার অবতরণের চেষ্টা করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে বিমানটি ফের কলকাতা বিমানবন্দরের দিকেই রওনা দেয়। অবশেষে বিকেল ৫টা ১৮ নাগাদ নিরাপদে কলকাতায় নামে মমতার বিমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *