প্রসেনজিৎ ধর,কলকাতা :- আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নিউ টাউনের হোটেল থেকে বিজেপি-র ‘চার্জশিট’ প্রকাশ করবেন তিনি। তার পর দুপুরেই আবার ফিরে যাবেন। ‘চার্জশিট’ প্রকাশ করার জন্যই তাঁর এই ঝটিকা সফর।তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যেসমস্ত অভিযোগ রয়েছে তাকেই বিজেপি নেতৃত্ব নাম দিয়েছে চার্জশিট বা শ্বেতপত্র। বিজেপি সুত্রের খবর, শ্বেতপত্রে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্যে বেহাল অবস্থা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, এই সমস্ত ইস্যু তুলে ধরতে পারে বিজেপি। এছাড়াও, সপ্তম পে কমিশন, রাজ সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতার বিষয়টিও শ্বেতপত্রে উল্লেখ থাকতে পারে, এমনটাই খবর বিজেপি সুত্রে জানা যাচ্ছে। বিজেপির অন্দরমহলের খবর, এই চার্জশিট প্রকাশের পরেই বিজেপি আগামী ২ বা ৩ এপ্রিল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে।বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির সর্দার পটেল মার্গের তাজ প্যালেস থেকে রওনা দেবেন শাহ। জেনারেল অ্যাভিয়েশন টার্মিনাল ৪ থেকে তাঁর বিমান ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। কলকাতা বিমানবন্দরে তা পৌঁছোবে রাত ১১টা ৪০ মিনিটে। সেখান থেকে সোজা নিউ টাউনে চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে সেখানেই থাকবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ দলের শীর্ষনেতারা।
Hindustan TV Bangla Bengali News Portal