প্রসেনজিৎ ধর :-ভোট-প্রচারে রক্ত ঝরেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। আর সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে শুক্রবার তড়িঘড়ি সাসপেন্ড করার নির্দেশ দিল কমিশন। তাঁর জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রবীর ঘোষকে।জানা গিয়েছে, বিজেপি-র সেখানে মিছিল করার কোনও অনুমতিই ছিল না। বিনা অনুমতিতে সেখানে জনসংযোগের নামে মিছিল করছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। কীভাবে সেই মিছিল হল, সেটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেখানে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, ঘটনার পর প্রথমেই সেখানে কেন্দ্রীয় বাহিনীকে ডাকা হয়নি। ঘটনার বেশ অনেকক্ষণ পর কেবল ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়েছিল। তারও কৈফিয়ৎ চাওয়া হয়েছে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।প্রসঙ্গত, বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার ঘিরে রণক্ষেত্রের আকার নেয় এলাকা। অভিযোগ, সেই প্রচারেই হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা। বাজারে প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসার-কর্মীরাই। ক্যামেরায় ধরা পড়ে এসআই সৌরভ গুহকে রীতিমতো তাড়া করতে থাকে দুষ্কৃতীরা। তিনি দৌড়ে পালাতে গিয়ে একসময়ে পড়ে যান। তখনও তাঁর ওপর বাঁশ নিয়ে হামলা চলে বলে অভিযোগ। ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হন।
Hindustan TV Bangla Bengali News Portal