Breaking News

ভোটের আগে চরম সংঘাত!‘মোটা ভাই জবাব চাই’, শাহের চার্জশিট-এর পাল্টা ‘অভিযোগপত্র’ তৃণমূলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ চরমে | অমিত শাহ-এর আনা অভিযোগের জবাবে সরাসরি পালটা আক্রমণ শাসক শিবিরের। ‘মোটা ভাই, জবাব চাই’—এই শিরোনামে ১৫ পাতার চার্জশিট প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। বাংলার রাজনৈতিক ময়দানে শুরু হল অভিযোগ-প্রতি আভিযোগের নতুন লড়াই।চার্জশিট পেশ করে ব্রাত্য বসু, মহুয়া মৈত্ররা স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রতিটি অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন। ব্রাত্য বসুর কথায়, ”এসআইআর আপনাদের (বিজেপি) চক্রান্ত। তৃণমূলের কফিনে পেরেক ঠুকতে চাইছেন, আমরা ওই পেরেক উপড়ে নেব। আপনি (অমিত শাহ) চার্জশিটে যা যা দিয়েছেন, তার উত্তর আমরা রেডি করেছি।”লোকসভার সাংসদ মহুয়া বলেন, ‘‘জোকার সিংহাসনে বসলে রাজা হয় না। রাজপ্রাসাদ সার্কাসের মঞ্চে পরিণত হয়। সেটাই হয়েছে।’’ শাহকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, ‘‘বাংলার মানুষের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছেন অমিত শাহ। অমিত শাহ বাঙালিদের বাংলাদেশি, রোহিঙ্গা বলেছেন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হয়েছে। মারধর করা হয়েছে। প্রত্যেকে বাঙালিকে আপনি অপরাধী ঘোষণা করেছেন। চার ধাপে আপনি বাঙালিকে অপরাধী বানিয়েছেন। প্রথমে আমাদের অপমান করেছেন, তারপর বঞ্চিত করেছেন। অপরাধী বানিয়েছেন, হেনস্থা করেছেন। অমিত শাহ নজর ঘোরাতে চাইছেন। নিজের রাজ্যের আদালত তাঁকে ‘তারিপার’ ঘোষণা করেছিল। সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করছে। কী ঔদ্ধত্য!’’শাহের অধীনস্থ ইডিকে নিয়ে প্রশ্ন তুলে মহুয়া বলেন, ‘‘ইডি তাঁর (অমিত শাহ) অধীনে। ২০১৪ সাল থেকে ইডি প্রায় ছয় হাজার কেস করেছে। তার ৯৮ শতাংশ বিরোধী নেতাদের বিরুদ্ধে। মাত্র ২৫কে দোষী সাব্যস্ত করতে পেরেছে তারা। শতকরা হার ০.৪২%। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কুড়ির বেশি এফআইআর আছে। সে উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে। প্রাক্তন সাংসদ বৃজভূষণ সিং মুক্ত, তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে। কুস্তিগিরেরা রাস্তায় বসেছিলেন। মোদীর মন্ত্রিসভার ২৮ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা আছে।’’ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান এখন কার্যত দুই শিবিরের সরাসরি লড়াইয়ের সাক্ষী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *