Breaking News

সায়ন্তিকার নামে ভুয়ো প্রোফাইল!সরাসরি বিজেপিকে তোপ তৃণমূল বিধায়কের

প্রসেনজিৎ ধর:- আসন্ন বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ভোটপ্রচারে ব্যস্ত তিনি। তার মাঝেই নতুন বিতর্কের শুরু। সায়ন্তিকার দাবি, তাঁর নামে সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে।এবিষয়ে সায়ন্তিকা সরাসরি বিজেপির আইটি সেলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর কথায়, ”অসভ্য, বর্বর বিজেপি জিততে পারবে না জেনেই এই অসভ্যতা করছে।”সায়ন্তিকার নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে সেখান থেকে দলীয় কর্মীদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে বলে অভিযোগ। নানা আপত্তিকর প্রশ্নও তোলা হচ্ছে। এই বিষয়টি প্রার্থীর নজরে আসামাত্রই তিনি সরাসরি বিজেপির আইটি সেলের দিকে আঙুল তুলেছেন। সায়ন্তিকার পালটা দাবি, তাঁর একটিই ‘ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল’। সেটিই তিনি ব্যবহার করেন। এছাড়া ফেসবুকে অন্য কোনও প্রোফাইল নেই। প্রতিপক্ষ বিজেপি এভাবে তাঁর প্রোফাইল সোশাল মিডিয়ায় অন্যায়ভাবে ব্যবহার করে চক্রান্ত করছে। সায়ন্তিকার আরও দাবি, বিজেপি অসভ্য, বর্বরের দল। জনতার রায়ে কখনও জিততে পারবে না, তা জেনেই তৃণমূল প্রার্থীকে বেকায়দায় ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনিয়ে তিনি সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।২০২৪ সালের উপনির্বাচনে জিতে বরানগরের বিধায়ক হয়েছিলেন টলি অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই তিনি বরানগরবাসীর সঙ্গে যুক্ত। সবসময়ে তাঁকে কাজ এবং জনসংযোগে দেখা যায়। আর সায়ন্তিকার কাজের নিরিখে তাঁকে ছাব্বিশে ফের এখানকার প্রার্থী করেছে তৃণমূল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *