দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অধীর চৌধুরী ও হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভা ছিল অভিষেকের। সেই সভায় তিনি সরাসরিই বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে রয়েছেন। তাঁকে নিরাপত্তা দেয় রাজ্যের পুলিশ। আর অধীর চৌধুরি এবং হুমায়ুন কবীরকে নিরাপত্তা দেয় সিআরপিএফ। কেন?”ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের এও প্রশ্ন, অধীর এখন আর সাংসদ নেই। তারপরও তাঁর বাড়ি রয়ে গিয়েছে দিল্লিতে। কেন? তিনি বলেন, “হুমায়ুন কবীর আর অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদীর সরকার সংখ্যালঘু ভাইয়ের উপর করেছে নূন্যতম বিবেক বোধ থাকলে নিরাপত্তারক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা দেবে। আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে।” এরপরই তাঁর সংযোজন, “যে অমিত শাহ। অমিত শাহের সিকিউরিটি, সেই হুমায়ুনের সিকিউরিটি, অধীর চৌধুরী এখন সাংসদ নেই তাও নিরাপত্তা পান। দিল্লিতে বাড়ি রয়েছে। সব সাংসদদের বাড়ি চলে গেছে। অধীরের বাড়ি আছে। কী সেটিং? কটা নোটিস দিয়েছে এদের ইডি-সিবিআই?”নওদায় তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে দলের মধ্যে কোন্দল রয়েছে। এদিনের সভার শুরুতেই তাই সেই প্রসঙ্গ তোলেন অভিষেক। সেই সঙ্গে বলেন, কারও যদি প্রার্থী পছন্দ না হয়, মনে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। কিন্তু বিশৃঙ্খলা বরদাস্ত করব না। দল কঠোর ব্যবস্থা নেবে।তৃণমূলের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “প্রথম দফার নির্বাচনে মুর্শিদাবাদ ঘাড় আর হাত ভাঙবে। পরের দফায় ডায়মন্ড হারবারে আমি এদের কোমর আর পা ভেঙে, বল হরি হরি বোল করে দেব।” বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, সারা দেশে বিভিন্ন দল ভেঙে বিজেপিতে যোগ দিচ্ছে, অথচ বাংলায় তৃণমূল একমাত্র দল যেখানে বিজেপি ভেঙে সবাই তৃণমূলে যোগ দিচ্ছে। তাঁর দাবি, বিজেপিকে ভাঙার ক্ষমতা একমাত্র তৃণমূলের রয়েছে। আর কারও নেই।
Hindustan TV Bangla Bengali News Portal