প্রসেনজিৎ ধর, হুগলি :- আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক নেতা-বিধায়কের সন্তানকে দেখা যাচ্ছে। বাবা-মায়ের জায়গায় তাঁরা প্রার্থী হচ্ছেন। এবার কি সেই তালিকায় যোগ হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ছেলের নাম? এই নিয়ে জল্পনা উস্কে দিলেন স্বয়ং প্রদেশ কংগ্রেস সভাপতিই। হুগলির শ্রীরামপুর আসনে শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন সরকারকে প্রার্থী করতে পারে কংগ্রেস এমনটাই সূত্রের খবর |প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ছেলে আন্দোলন। বয়স মাত্র ২৫। বিদেশে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ছোট থেকেই রাজনৈতিক ঘরানায় বেড়ে ওঠা। স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি তাঁর একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। বর্তমানে বাবাকে একাধিক বিষয়ে পরামর্শ দেন তিনি। সম্ভবত এবার তিনি সরাসরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন। সোমবার শুভঙ্কর সরকার নিজেই তার ইঙ্গিত দিলেন। ইতিমধ্যেই রাজ্যের ২৮৪ টি বিধানসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে হাতশিবির। এখনও বাকি ১০ টি। সেই আসনের মধ্যেই রয়েছে শ্রীরামপুর। ২০২১ সালে শ্রীরামপুর আসন থেকেই লড়াই করেছিলেন শুভঙ্কর। ফলে ছাব্বিশেও ওই আসনে তিনিই লড়বেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল।সোমবার শুভঙ্কর সরকার বলেন, “শ্রীরামপুরের মানুষ চাইছেন আমি প্রার্থী হই। গতবার আমি ৬২ হাজার ভোট পেয়েছিলাম। কিন্তু আমাকে ২৯৪ টা আসন দেখতে হবে। অনেকে বলছেন আমার ছেলে প্রার্থী হোক। কংগ্রেস হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবেন।”
Hindustan TV Bangla Bengali News Portal