প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফর্ম ৬ জমা করার অভিযোগকে কেন্দ্র করে স্ট্র্যান্ড রোডে সিইও দফতরের সামনে তুলকালাম কাণ্ড| দফায় দফায় সংঘর্ষে জড়ালেন বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা| বিজেপি-র পক্ষ থেকে সিইও দফতরে ঢুকে ফর্ম সিক্স জমা দিচ্ছে, এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত| কোনওমতে দু পক্ষকে সামাল দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী |রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে ফর্ম ৬ জমা দিতে এসেছিলেন এক যুবক। তাঁকে ‘হাতেনাতে ধরে ফেলা হয়’। এমনই অভিযোগ তুলে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছোন বিজেপি কর্মীরাও। মারধরের অভিযোগ তুলে তাঁরাও সিইও অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখান। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সিইও অফিসের সামনের রাস্তা। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।সিইও অফিসে ফর্ম ৬ জমা করার অভিযোগকে ঘিরে যখন তৃণমূলপন্থী বিএলও-রা বিক্ষোভ শুরু করেন, তখন হঠাৎই সেখানে উপস্থিত হন বিজেপি কর্মীরা। নেতৃত্বে দেখা যায় চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠককে। তাঁদের অভিযোগ, এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। তবে কাকে মারধরের অভিযোগ করছে বিজেপি, তা স্পষ্ট নয়। তবে সিইও অফিসের সামনে তাঁরা বিক্ষোভ দেখানো শুরু করেন। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেয় বিজেপিও। আর তার ঠিক কিছুটা দূরে অবস্থানে বসে পড়েন তৃণমূলপন্থী বিএলও-রা।দু’পক্ষের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় সিইও অফিসের সামনে। দু’পক্ষের মাঝে রয়েছে পুলিশ। গার্ডরেল দিয়ে দু’পক্ষকে আটকানোর চেষ্টা করে তারা। তবে পুলিশের গার্ডরেল ভেঙে, টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কয়েক জন। তখনই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষই সিইও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে। পরে বিজেপির তরফে অভিযোগ করা হয়, তারা যেখানে বিক্ষোভ দেখাচ্ছিল, সে দিক থেকে একদল তৃণমূল কর্মী হাতে দলীয় পতাকা নিয়ে চড়াও হন। সিইও অফিসের সামনে থাকা বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে কয়েকটি বাইক রাস্তার উপরে পড়ে থাকতেও দেখা যায়। অভিযোগ, দু’পক্ষের ধস্তাধস্তির সময় বাইকগুলি ফেলে দেওয়া হয় রাস্তার উপর। পুলিশ বিক্ষোভ হটাতে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ।
Hindustan TV Bangla Bengali News Portal