দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন। কালীঘাটের নিজের বাড়ি থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যেতে পারেন তিনি। দক্ষিণ কলকাতার তৃণমূল সূত্রে খবর, ওই দিন কালীঘাটে নিজের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবেন মুখ্যমন্ত্রী মমতা। তারপরে সেখানে মনোনয়নপত্র জমা দেবেন। সেই মিছিলে থাকতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (ববি) এবং দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। এ ছাড়াও ভবানীপুরে যত তৃণমূল কাউন্সিলর রয়েছেন, তাঁরা মিছিলে যোগ দিতে পারেন।শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দোপাধ্যায় । সম্ভবত ৮ তারিখ সকালেই কলকাতা ফিরবেন তিনি। ওইদিনই কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে যাবেন সার্ভে বিল্ডিং-এ। সেখানে মনোনয়ন জমা দেবেন মমতা। ইতিমধ্যেই ভবানীপুরে শুভেন্দু প্রচার শুরু করে দিয়েছেন। তবে মমতা এখনও নিজের কেন্দ্রে প্রচার করেননি। তৃণমূলও সে ভাবে সভা, মিছিল এখনও শুরু করেনি। তৃণমূল সূত্রে খবর, মমতার মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই ভবানীপুরে প্রচারে ঝাঁপাবে দল। বিভিন্ন ওয়ার্ডে আলাদা আলাদা মিছিল, মিটিং করা হবে। মমতার হয়ে প্রচার করতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব।
মমতার ওয়ার্ড ৭৩ নম্বরকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে তৃণমূল। ভারতীয় সংবিধানের জনক বিআর অম্বেডকরের জন্মদিন অর্থাৎ ১৪ এপ্রিল ওই ওয়ার্ডে প্রথম সভা করবে তারা। তার পরে ভোটপ্রচারের শেষ দিন পর্যন্ত ওই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সভা, মিছিল করা হবে মমতার সমর্থনে। বর্তমানে ভবানীপুরে দলের অভ্যন্তরীণ এবং সাংগঠনিক কাজে জোর দেওয়া হয়েছে। সেই সব কাজ সারছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Hindustan TV Bangla Bengali News Portal