Breaking News

IAS-IPS বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা মামলা খারিজ হাইকোর্টে!বহাল কমিশনের সিদ্ধান্ত

প্রসেনজিৎ ধর,কলকাতা :-রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক সরকারি আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না হাই কোর্ট। কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে বিডিও, আইসি এবং ওসি বদল নিয়ে দায়ের হওয়া মামলাটিও খারিজ করে দিয়েছে আদালত। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ দুটি মামলাই খারিজ করে দিয়েছে। ফলে আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের সিদ্ধান্তই বহাল রইল।রাজ্য সরকারের আইনজীবী বলেন, কমিশন ইচ্ছামতো কিছু করতে পারে না। আইনের সীমার মধ্যে থেকেই কাজ করতে হবে। তখন বিচারপতি পার্থসারথি সেন জানতে চান, এই জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের নিজের অভিযোগ জানানোর জায়গা কোথায়? নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রাজ্য সরকার কীভাবে প্রভাবিত? তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই মামলায় আমরা মামলাকারীকে সমর্থন করছি।তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই বদলির নির্দেশ স্থগিত করা হোক। রাজ্য সরকার নিজেই জনস্বার্থের কথা আদালতে বলতে পারে। কমিশন তো পারলে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরিয়ে নিজের পছন্দমত কাউকে মুখ্যমন্ত্রী করে দেবে।তখন রাজ্য সরকারের আইনজীবী বলেছিলেন, বদলির আড়ালে অফিসারদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কমিশনের যুক্তি ছিল, অবাধ এবং সুষ্ঠ ভোট করানোর জন্যই এহেন পদক্ষেপ করা হয়েছে। এমনকী এই সমস্ত আধিকারিকদের বদলির নেপথ্যে একাধিক কারণ আছে বলেও আদালতকে জানায় কমিশন। মামলার শুনানিতে কমিশনের আইনজীবী জানান, পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। এমনকী বাকি যে সমস্ত রাজ্যে ভোট হচ্ছে, সব জায়গায় পরিস্থিতি এক নয়। অবস্থা পর্যালোচনা করেই পদক্ষেপ বলেও দাবি আইনজীবীর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *