Breaking News

নির্বাচনী প্রশিক্ষণে আক্রান্ত হয়েছিলেন ভোটকর্মী!হাঁসখালির বিডিও-কে সাসপেন্ড নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর :-বিধানসভা ভোটের আবহে এবার নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের মুখে নদিয়ার হাঁসখালি ব্লকের বিডিও। গত ২৭ মার্চ নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে এক শিক্ষকের আক্রান্ত হওয়ার ঘটনায় হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিল ভারতীয় নির্বাচন কমিশন। শুধু সাসপেনশনই নয়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে।রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ় স্কুলে ভোটের প্রশিক্ষণে আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছিলেন সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষক। তাঁর অভিযোগ ছিল, প্রশিক্ষণের শুরুতে প্রোজেক্টরের মাধ্যমে দিঘার জগন্নাথ মন্দির-সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ভিডিয়ো দেখানো হচ্ছিল। তিনি প্রতিবাদ করতেই গন্ডগোল বেঁধে যায়। শুধু তাই নয়, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ করেন সৈকত।কমিশনের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, ওই প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে ছিলেন হাঁসখালির বিডিও। কিন্তু তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচন কমিশনের নির্ধারিত প্রোটোকল মেনে চলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কমিশনের মতে, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিডিও-র পক্ষ থেকে চরম গাফিলতি ও গুরুত্বহীনতা লক্ষ করা গেছে। অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কমিশনের প্রচেষ্টায় এই ঘটনা একটি কলঙ্ক স্বরূপ। রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে কমিশন সাফ জানিয়েছে, সায়ন্তন ভট্টাচার্যকে অবিলম্বে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করতে হবে। সেই সঙ্গে এই প্রশাসনিক গাফিলতির জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে নবান্নকে। বুধবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে তার রিপোর্ট কমিশনকে পাঠানোর চরম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *