Breaking News

ট্রাইব্যুনাল নিয়ে একাধিক দাবি নিয়ে ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি তৃণমূলের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের চিঠি। এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। এই নিয়ে দ্বিতীয়বার আদালতের দ্বারস্থ তৃণমূল। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন। এবার দলের তরফে সরাসরি চিঠি দেওয়া হল প্রধান বিচারপতিকে। শাসক দলের তরফে পাঠানো ওই চিঠিতে ট্রাইব্যুনালের কাজকর্ম এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে । তৃণমূলের অন্যতম প্রধান দাবি হল, আপিলের ক্ষেত্রে অফলাইন ব্যবস্থা চালু করা । সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের বহু মানুষ প্রযুক্তিগতভাবে অতটা সড়গড় নন । তাই শুধুমাত্র অনলাইনের ওপর নির্ভর না করে, যাতে সরাসরি বা সশরীরে গিয়ে ট্রাইব্যুনালে আবেদন করা যায়, তার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে । এই অফলাইন ব্যবস্থা দ্রুত কার্যকর করতে অবিলম্বে একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশেরও দাবি জানিয়েছে ঘাসফুল শিবির ।
সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিচারাধীন মামলাগুলির শুনানির জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । কিন্তু তৃণমূলের বক্তব্য, আবেদন প্রক্রিয়া শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তাই কলকাতা বা জেলার জেলাশাসক এবং মহকুমা শাসকের কার্যালয়ের পাশাপাশি, প্রতিটি ব্লকের বিডিও অফিসেও যাতে আবেদন জমা নেওয়া যায়, চিঠিতে সেই প্রস্তাব দেওয়া হয়েছে । বিডিও অফিসে শুনানির ব্যবস্থা করা হলে প্রান্তিক ও গ্রামীণ এলাকার মানুষের পক্ষে আপিল করা অনেক সহজ হবে বলে মনে করছে রাজ্যের শাসক দল ।সামনেই বঙ্গ বিধানসভায় নির্বাচন| তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎকণ্ঠা তৈরি হয়েছে । তাই নির্বাচন শিয়রে থাকায় পুরো আইনি প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার আর্জি জানিয়েছে তৃণমূল । দলের তরফে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে, আসন্ন নির্বাচনের সময়সূচির কথা মাথায় রেখে ট্রাইব্যুনালে জমা পড়া আপিলগুলির ফলাফল যেন প্রতিদিনের ভিত্তিতে প্রকাশ করা হয় । এর ফলে সাধারণ মানুষ দ্রুত জানতে পারবেন তাঁদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত হল কিনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *