দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা নির্বাচনের ব্যর্থতা কাটিয়ে বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরে ভাল ফল করতে দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়| এদিন রামনগরে কাঁথি সাংগঠনিক জেলার বৈঠকে অভিষেক বুঝিয়ে দিয়েছেন, প্রার্থী পছন্দ না হওয়ায় কোনও নেতা যদি দল বিরোধী কাজ করেন, তাহলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না |বিজেপি স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের ঘরে ‘কেউটে সাপ’ ঢুকিয়েছে। আগে তা ‘তা়ড়ানো’য় অভিষেক মনোনিবেশ করতে বলেন বলে খবর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠক শুরুর আগে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, কাঁথি দক্ষিণের দলীয় প্রার্থী তরুণকুমার জানা, পটাশপুরের দলীয় প্রার্থী পীযূষকান্তি পণ্ডাকে আলাদা করে ডেকে কথা বলেন তৃণমূল সাংসদ। সূত্র বলছে, রামনগর-সহ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি আসন নিয়ে তাঁদের সঙ্গে কথা হয়েছে অভিষেকের।আগে বিজেপি-কে হারিয়ে তার পর নিজেদের মধ্যে ঝগড়া করার জন্যও দলের নেতাদের পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক| অভিষেকের কথায়, ‘আগে সাপ তাড়ান, তার পর ঝগড়া করুন| বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়ে দিয়েছে| আগে সেটাকে তাড়ান |’এদিনের বৈঠক শুরুর আগে পূর্ব মেদিনীপুর জেলায় দলের তিন গুরুত্বপূর্ণ নেতা সুপ্রকাশ গিরি, পীযূষকান্তি পণ্ডা এবং তরুণ জানার সঙ্গে আলাদা আলাদা করে কথাও বলেন অভিষেক| বৈঠক শুরু হওয়ার পর দলের বাকি নেতাকর্মীদেরও কড়া বার্তা দেন তিনি |প্রসঙ্গত, শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কর্মিসভায় গিয়েও একই সুরে বার্তা দিয়েছিলেন অভিষেক। তমলুক সাংগঠনিক জেলার অধীনে নন্দীগ্রাম । গত বিধানসভা নির্বাচনে সেখানে শুভেন্দুর কাছে ১,৯৫৬ ভোটে হারতে হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলাফলের দলীয় পর্যালোচনায় অন্তর্ঘাতের প্রসঙ্গ উঠে এসেছিল। নন্দীগ্রামে গিয়ে তাই দলীয় প্রার্থী পবিত্র করের সমর্থনে কর্মিসভায় বলতে গিয়ে সেই অন্তর্ঘাতের প্রসঙ্গ তুলে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। এবার কাঁথিতে গিয়েও একই বার্তা দিলেন।
Hindustan TV Bangla Bengali News Portal