Breaking News

শুভেন্দুর মনোনয়নে শাহের সামনেই বিশৃঙ্খলা!’গাফিলতির দায়ে’ ২ ডেপুটি কমিশনারকে শোকজ করল লালবাজার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় কড়া লালবাজার। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কীভাবে মুখ্যমন্ত্রীর পাড়ায় ঝামেলা হল, সেই প্রশ্ন তুলে এবার বিভাগীয় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে (ডিসি) শোকজ করা হয়েছে।লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শোকজ করা হয়েছে। শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে কেন গন্ডগোল, কেন ওই পরিস্থিতি হল শোকজে সেই বিষয়গুলো জানাতে চাওয়া হবে।
হাজরা মোড় থেকে রোড শো করে সার্ভে বিল্ডিংয়ে গত বুধবার মনোনয়ন পেশ করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাঝপথে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়। ধস্তাধস্তি চলে বিজেপি-তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে। পুলিশ হস্তক্ষেপ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।ওই গোলমালের ঘটনায় কালীঘাট এবং আলিপুর থানায় তিনটি অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে পুলিশ এফআইআর করে। স্বতঃপ্রণোদিত ভাবে দু’টি এফআইআর করা হয়।
ওই ঘটনায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। আগেই ক্ষোভ প্রকাশ করেছিল কমিশন। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে ভর্ৎসনা করা হয় বলে সূত্রের খবর। পুলিশকে কড়া পদক্ষেপের কথা বলে কমিশন। সেই নির্দেশই পালন করল কলকাতা পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *