দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নির্বাচনের মুখে ফের এক সরকারি আধিকারিকের ওপর খাঁড়া নামাল নির্বাচন কমিশন। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে ‘খোলাখুলি প্রচার’ করার অভিযোগে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (এআরও) তথা জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করল কমিশন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে|শুক্রবার কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে জ্যোৎস্নাকে সাসপেন্ড করার বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, অবিলম্বে ওই জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কমিশনের নির্দেশ মানা হচ্ছে কি না, তা জানিয়ে শনিবার সকাল ১১টার মধ্যে মুখ্যসচিবকে রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই জ্যোৎস্নার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। এই চিঠির একটি কপি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও পাঠানো হয়েছে। নির্দেশ মতো পদক্ষেপ করার কথা উল্লেখ করেছে কমিশন।রাজ্যের শাসকদল তৃণমূলের হয়ে ভোটপ্রচার করছেন জ্যোৎস্না! এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এক জন সরকারি আধিকারিক হয়ে কী ভাবে রাজনৈতিক দলের হয়ে প্রচার করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। কমিশনের দৃষ্টি আকর্ষণও করা হয়। এবার সেই জয়েন্ট বিডিওর বিরুদ্ধে পদক্ষেপ করল কমিশন।
Hindustan TV Bangla Bengali News Portal