প্রসেনজিৎ ধর :- প্রকৃতির তাণ্ডব সিকিমে। ফের ভেঙে পড়ল রাস্তা। বিপর্যয়ের মুখে শয়ে শয়ে পর্যটক। ভয়ঙ্কর অবস্থায় উদ্ধারের অপেক্ষায় কাটাচ্ছেন দুঃস্বপ্নের প্রহর। সিকিমের মাঙ্গান জেলা-র লাচেনে আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক। লাচেন থেকে চুংথাং-এর সংযোগকারী রাস্তার একটি অংশ ভেঙে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।জানা গিয়েছে, একটানা বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে। তার জেরেই নেমেছে ভয়ঙ্কর ভূমিধস। সিকিমের মাঙ্গান জেলার লাচেনে রাস্তা বন্ধ। সেখানে একাধিক জায়গায় ধস নেমেছে। লাচেন থেকে চুংথাং-র সংযোগকারী রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে। তারুম চু ব্রিজের কাছে বিরাট ভাঙন ধরেছে। এর জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। রাস্তাতেই কয়েকশো গাড়ির লম্বা লাইন পড়েছে। লাচেনে থাকা পর্যটকদের সঙ্গে সিকিমের মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে| জেলা প্রশাসন নিরাপদ ও দ্রুত উদ্ধার নিশ্চিত করতে পুলিশ, আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত ও তুষার অপসারণের কাজ চলছে। তবে উদ্ধার অভিযান ঠিক কখন শুরু হবে, তা নির্ভর করবে সেই সময়ের আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির উপর।প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ সকাল থেকেই উদ্ধারকাজ চালু করা হচ্ছে। আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন, ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মিলে যৌথভাবে উদ্ধারকাজ চালাবে। পর্যটকরা যেন আতঙ্কিত না হন। দ্রুত তাদের উদ্ধার করা হবে। যে যেখানে আছেন, সেখানেই যেন থাকেন। ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে। ১১ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তাই আবহাওয়া খারাপ হলে আরও বিপদ বাড়তে পারে।
প্রশাসন সূত্রে খবর, লাচেন-ডংকিয়া লা-লাচুং হয়ে গ্যাংটকের দিক দিয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে আনার পরিকল্পনা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal