প্রসেনজিৎ ধর, হুগলি:- চন্দননগর মহকুমা শাসকের দপ্তরের সামনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘাত। মঙ্গলবার দুই পক্ষের মিছিল মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তার মাঝেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দফায় দফায় স্লোগান ও পাল্টা স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়়ায়।এদিন চন্দননগর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়। একই সময়ে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। সূত্রের খবর, সন্তু পান যখন মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই তৃণমূলের কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। তবে থেমে থাকেনি পদ্ম কর্মীরাও। মুহূর্তেই তাঁরা জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি রীতিমতো তপ্ত হয়ে ওঠে। মুখোমুখি হতেই শুরু হয়ে যায় বচসা। কিছু সময়ের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে দুই দলের কর্মী-সমর্থককেই ওই জায়গা থেকে সরিয়ে দেয়। ছুটে আসে পুলিশও। প্রসঙ্গত, এর আগেই তারকেশ্বর থেকে একাধিকবার সংঘর্ষের ছবি সামনে এসেছে। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বর থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে জমায়েত করা নিষিদ্ধ। তা সত্ত্বেও কী ভাবে মহকুমা শাসক দপ্তরের একেবারে সামনে দু’দলের এত সমর্থক জড়ো হলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন থাকায় বড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। পরে, পুলিশ অতিরিক্ত বাহিনী নিয়ে এসে দু’পক্ষের সমর্থকদের জমায়েত ছত্রভঙ্গ করে দেয়।
Hindustan TV Bangla Bengali News Portal