Breaking News

টলিউডে কর্মবিরতি উঠল! রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’ ম্যাজিক মোমেন্টস

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাহুলের জন্য একজোট বাংলা সিনে দুনিয়া। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার এহেন মর্মান্তিক পরিণতি যে সমূহ সিনেইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় আর কোনও সদস্যকে এমন পরিণতির শিকার না হতে হয়, তার জন্য আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা একজোট হয়ে শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির আহ্বান জানিয়েছিলেন। তবে মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে দীর্ঘ বৈঠকের পর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন যে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্ট প্রযোজনা সংস্থার সঙ্গে টলিপাড়ার কেউ কাজ করবে না।
যতদিন পর্যন্ত রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হচ্ছে এবং সত্য প্রকাশ্যে আসছে ততদিন ওই নির্দিষ্ট সংস্থা ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ। প্রসেনজিতের বক্তব্য, “আগামীকাল থেকে কোনও কর্মবিরতি থাকছে না। সিনেমা-সিরিয়ালের সব কাজই হবে। তবে যে নির্দিষ্ট সংস্থা আজও রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ ব্যখা করতে পারেনি সেই সংস্থার সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির আর কোনও শিল্পী কাজ করবে না। আমরা জানতে চাই সেইদিন শুটিং সেটে রাহুলের সঙ্গে ঠিক কী ঘটেছিল। যতদিন না আমরা জানতে পারছি ততদিন ওই সংস্থার সঙ্গে কোনও সম্পর্ক নেই। রাহুল আজ না থেকেও আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে এক দিয়ে গেল। কোনও ফেডারেশন, আর্টিস্ট ফোরাম বলে আর কিছু থাকবে না। আমরা একটাই পরিবার। আর সেই পরিবার রাহুলকে হারিয়েছে। ওঁর মৃত্যুর প্রকৃত কারণ জানাতে হবে এবং অবশ্যই সেই যুক্তিতে প্রিয়াঙ্কার সম্মতি থাকতে হবে। রাহুল সত্যিই আমাদের চোখ খুলে দিয়ে গেল।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *