Breaking News

বোমা-সংঘর্ষে জ্বলছে ভাঙড়!নওশাদের প্রচার ঘিরে উত্তপ্ত ভাঙড়, ছেঁড়া হল আইএসএফের পতাকা

প্রসেনজিৎ ধর :-ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি-র নির্বাচনী প্রচারকে ঘিরে তীব্র অশান্তির ছবি সামনে এল। অভিযোগ, প্রচার চলাকালীন আইএসএফ কর্মীদের উপর হামলা, বোমাবাজি এবং দলীয় পতাকা ছেঁড়া—সব মিলিয়ে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।মঙ্গলবার সকাল থেকে ভাঙড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে নির্বাচনী প্রচারে নামেন নওশাদ সিদ্দিকি। বিকেলে রাজাপুর বুথে প্রচার কর্মসূচির আগেই তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ বাঁধে। আইএসএফের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের প্রচার ভণ্ডুল করতে এলাকায় বোমাবাজি করে। দলীয় পতাকা ছিঁড়ে দেয়। এমনমকী কয়েকজন কর্মীকে মারধরও করে বলে অভিযোগ। তৎক্ষণাৎ খবর যায় নওশাদের কাছে। আহত কর্মীদের দেখতে নলমুড়ি হসপিটালে ছুটে যায় নওশাদ সিদ্দিকি। সেখানে পরিস্থিতি দেখে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাসন্তী রাজ‍্য সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন। অবরোধ তুলতে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত হন।রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন নওশাদ সিদ্দিকি। তাঁর পাশে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম-ও। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ। পাশাপাশি মোতায়েন করা হয় কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদেরও। পুলিশ প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনা চলতে থাকে। তবে নওশাদ স্পষ্ট জানিয়ে দেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস না পেলে অবরোধ তোলা হবে না।শেষমেশ পুলিশের পক্ষ থেকে রাত বারোটার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর আবারও প্রচারে ফেরেন নওশাদ সিদ্দিকি। যদিও এই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *