Breaking News

‘বগটুইয়ের ঘটনা মানবতার লজ্জা’,বীরভূমের সভা থেকে তৃণমূল সরকারকে নিশানা মোদীর!

নিজস্ব সংবাদদাতা :-বাংলায় ভোটপ্রচারে মোদী ঝড়। রাজ্যে একইদিনে ৩টি সভা করলেন তিনি, শেষ সভা ছিল সিউড়িতে। এদিন তারা মায়ের নাম নিয়ে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তারাশঙ্করকে শ্রদ্ধা জানালেন। লাল মাটি থেকে ফের পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বীরভূমের লালমাটিতে পরিবর্তনের ঝড় উঠেছে।” বগটুইয়ের ঘটনার প্রসঙ্গে তুলে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, “তৃণমূল জমানায় বগটুইয়ে নৃশংস ঘটনা ঘটেছিল। বগটুইয়ের ঘটনা জঙ্গলরাজের প্রমাণ। তৃণমূলের আমলেই বীরভূমে বালি, পাথর, কয়লা লুঠ। মা-মাটি-মানুষদের মধ্যে মায়ের অবস্থা খারাপ।”সিউড়ির সভায় মোদীর তোপ, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের যাঁরা সাহায্য করছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। এখানেই শেষ নয়। মোদীর হুঁশিয়ারি, ‘অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। যিনি অনুপ্রবেশকারীদের মাথা, তাঁকে জেলে ঢোকানো হবে।’বীরভূম সীমান্তবর্তী রাজ্য নয়। কিন্তু সেখানেও প্রধানমন্ত্রীর বক্তব্যের শুরু থেকেই বার বার উঠে এসেছে অনুপ্রবেশের প্রসঙ্গ। বাংলার মাটিতে অনুপ্রবেশকারীদের কাজ ভয়াবহ ভাবে বাড়ছে বলে অভিযোগ নরেন্দ্র মোদীর। এর সঙ্গে তাঁর সংযোজন, ‘তৃণমূলের সিন্ডিকেট বেআইনি নথি দিচ্ছে অনুপ্রবেশকারীদের’। ভুয়ো নথির সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন, বাংলার বাসিন্দাদের কাজের খোঁজে রাজ্যের বাইরে যাওয়ার বিষয়টি। নরেন্দ্র মোদীর অভিযোগ, ‘অনুপ্রবেশকারীরা কম পয়সায় কাজ করে দেন, সরকারি সুবিধা নেন। স্থানীয়দের বাধ্য হয়ে অন্যত্র যেতে হয়।’ অনুপ্রবেশের ভয় থেকে বাংলার মানুষকে মুক্তি পেতে এ বার বাংলায় বিজেপি সরকারকে আনার ডাক দিলেন মোদী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *