দেবরীনা মণ্ডল সাহা :- বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে দেবে না| বিধানসভা ভোটের প্রচারে লাগাতার এই মর্মে প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসকদল। তৃণমূলের এই অভিযোগ খণ্ডনে মাছবাজারে প্রচারে যেতে শুরু করেছেন বাংলার বিজেপি নেতারা। দলীয় প্রার্থীদের কেউ কেউ আবার দড়িতে বাঁধা প্রকাণ্ড কাতলা ঝুলিয়েও রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। দলের এই ভাষ্যকে আরও জোরালো করে তুলতে এ বার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসরে নামলেন। মৎস্য উৎপাদনে বাংলা পিছিয়ে যাচ্ছে বলে দাবি করে তিনি বুঝিয়ে দিলেন, মাছ নিয়ে আর ফিসফাসের প্রয়োজন নেই|এর আগে হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলায় মাছের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও রাজ্য এখনও মৎস্যচাষে পুরোপুরি আত্মনির্ভর নয়। তাঁর বক্তব্য, গত এক দশকে দেশে মাছ উৎপাদন দ্বিগুণ হলেও পশ্চিমবঙ্গ সেই অগ্রগতির সুফল পায়নি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকারের কারণে কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম মৎস্য সম্পদ যোজনা’-র সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মৎস্যজীবীরা। ক্ষমতায় এলে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমানে ডায়মন্ড হারবারে গবেষণার মাধ্যমে ইলিশ চাষে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। আগে যেখানে ইলিশের জন্য বাইরের রাজ্য বা দেশের উপর নির্ভর করতে হত, এখন সেই পরিস্থিতি বদলেছে। পাশাপাশি ছোট মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান।এদিকে, খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক বিতর্কও ফের সামনে এসেছে। তৃণমূলের দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যসংস্কৃতিতে হস্তক্ষেপ করতে পারে। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতারা নির্বাচনী প্রচারে মাছের সঙ্গে নিজেদের যুক্ত করার চেষ্টা করছেন।
Hindustan TV Bangla Bengali News Portal