নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে কড়া ভাষায় বিজেপি এবং অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইস্তাহার বা ‘ভরসার শপথ’ প্রকাশের আগে বাংলার মানুষের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ছিল বলে দাবি করেন তিনি।আজ, শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি একটি ছবি দেখান। অমিত শাহ বিমান থেকে নামার পর আসানসোলের কোল মাফিয়া জয়দেব খাঁ-কে দেখা যায়। অমিত শাহকে তাঁকে ফুল দিতে দেখা যায় | অভিষেকের অভিযোগ, ওই ব্যক্তি আসানসোল এলাকার সব থেকে বড় কোল মাফিয়া। তাঁর হাত থেকেই শাহ ফুল নিচ্ছেন! এদিকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে। এই জয়দেব খাঁ-এর বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত হবে না কেন? সেই প্রশ্নও তুলেছেন তিনি।বাংলাদেশ ও অনুপ্রবেশ ইস্যু নিয়েও এদিন কেন্দ্রকে তুলোধনা করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, “বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতেই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন, তাহলে দিল্লিতে বসে শেখ হাসিনা কী করছেন? তাঁকে কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য মোদী সরকার আশ্রয় দিয়েছে? অমিত শাহ জবাব দিন, শেখ হাসিনার বর্তমান স্ট্যাটাস কী- তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী?” একইসঙ্গে বাংলাদেশে হিন্দু সাধু-সন্ত এবং চিন্ময়কৃষ্ণ দাসের ওপর যখন অত্যাচার হয়েছিল, তখন মোদী-শাহের সরকার কী পদক্ষেপ নিয়েছিল, সেই প্রশ্নও তোলেন তৃণমূল সেনাপতি।
Hindustan TV Bangla Bengali News Portal