Breaking News

হাজরা মোড়ে সংগ্রামী যৌথ মঞ্চের সভা!শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আবেদন খারিজ করেছিল পুলিশ। তবে সংগ্রামী যৌথ মঞ্চকে হাজরা মোড়ে শর্ত মেনে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এই অনুমতি দিয়েছে। ফলে আগামী ১২ এপ্রিল হাজরা মোড়ে সভা করার ক্ষেত্রে কোনও বাধা রইল না সংগ্রামী যৌথ মঞ্চের। যদিও একাধিক শর্ত মানতে হবে তাদের। তারা পুলিশকে জানায়, হাজরা রোডে সভার পর হরিশ মুখার্জী রোড হয়ে এসপি মুখার্জী রোড পর্যন্ত মিছিল করতে চায় তারা। কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। তার পরিবর্তে বিকল্প পথ বাতলে দেয় পুলিশ। কিন্তু তা মানেনি মঞ্চ। তারা অনুমতি চেয়ে মামলা দায়ের করে কলকাতা হাই কোর্টে।আজ, শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। মামলার শুনানির পর বিচারপতি সভার অনুমতি দিয়েছেন। তবে তা ১ হাজারের বেশি লোক নিয়ে তা করা যাবে না। শুধু সভারই অনুমতি দেওয়া হয়েছে। পুলিশকে আইন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে।প্রসঙ্গত, সংগ্রামী যৌথ মঞ্চ দাবি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে AICPI অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আবার কিছুদিন আগে নির্বাচনের কাজে নিযুক্ত এক সরকারি কর্মীর উপর হামলার ঘটনাও ঘটেছে ৷ ওই সরকারি কর্মীর উপর হামলার ঘটনা সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো হলেও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এরকম একাধিক দাবিতে ১২ এপ্রিল হাজরা মোড়ে সভার ঘোষণা করে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সভার অনুমতি দেয়নি পুলিশ। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন শর্তসাপেক্ষে সভার অনুমতি দিল হাইকোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *