দেবরীনা মণ্ডল সাহা :-কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সোমনাথ দত্ত। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন অভিনব ভট্টাচার্য। কিন্তু শুক্রবার স্ক্রুটনিতে তাঁর মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বের শেষ লগ্নে এসে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রকে ঘিরে সরগরম হয়ে ওঠে জেলা রাজনীতি। রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকার কারণে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই কেন্দ্রে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সোমনাথ দত্ত আগেই মনোনয়ন তুলে রেখেছিলেন। তিনিই ওই কেন্দ্রে জোড়াফুলের চিহ্নে লড়বেন।কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘একটা টেকনিক্যাল কারণে অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমনাথ দত্তকে দ্বিতীয় মনোনয়ন দাখিল করেছিলেন। বিকল্প হিসেবে তিনিই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন।’এই প্রার্থী বদলের কারণে কি কোনও সমস্যায় পড়বে তৃণমূল? মহুয়া বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নাকাশিপাড়ায় এসে জানিয়েছিলেন, তিনিই সব কেন্দ্রের প্রার্থী। কাকদ্বীপ থেকে কোচবিহার, কৃষ্ণনগরেও তিনি প্রার্থী। এটা প্রতীক চিহ্নের ভোট। এটা তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের ভোট।’ তৃণমূল কংগ্রেসের পূর্বতন প্রার্থী অভিনব ভট্টাচার্য প্রচারে থাকবেন এবং নতুন প্রার্থীর হয়ে প্রচার করবেন বলে জানান মহুয়া।প্রসঙ্গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে সদর মহকুমাশাসকের অফিসে আসেন সাংসদ মহুয়া মৈত্র ঘনিষ্ঠ নেতা সোমনাথ দত্ত।একইসঙ্গে মনোনয়ন পত্র জমা দেন।এই ঘটনার স্বল্প সময় আগে কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার যুব সভাপতি অয়ন দত্তকেও মহকুমাশাসকের অফিসে আসতে দেখা যায়।তিনি অল্প সময়ের মধ্যে অবশ্য চলে যান। প্রার্থী থাকার পরও তৃণমূল নেতা সোমনাথ দত্তর মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে শুরু হয়ে রহস্য, জল্পনা। অবশেষে সেই জল্পনা কল্পনা সত্যি হয়ে গেল। অভিনব ভট্টাচার্যের মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়।
Hindustan TV Bangla Bengali News Portal