দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটের মুখে ফের রাজ্যে তৎপর হয়েছে ইডি। শনিবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় সংস্থা। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ। এবার ফের কেন ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নাকতলার বাড়িতে পৌঁছে যান। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।ভোটের আগে শিক্ষক নিয়োগের মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। জামিন পাওয়ার পর একাধিক বার তাঁকে ইডি ডেকে পাঠিয়েছিল। কিন্তু পার্থ হাজিরা দেননি বলে অভিযোগ। প্রতি বারই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে, সেই কারণেই এ বার পার্থকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে ইডির একটি দল পৌঁছে গিয়েছে নিউটাউনে প্রসন্ন রায়ের দফতরেও। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত ‘মিডলম্যান’ এই প্রসন্ন। তাঁর বাড়িতেও ইডি গিয়েছে বলে খবর।নাকতলার বাড়ি থেকেই ২০২২ সালে নিয়োগ মামলায় পার্থকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার বেলা ১১টার কিছু আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল সেখানে পৌঁছোয়। ইডি সূত্রে খবর, এসএসসি-র একাদশ-দ্বাদশ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে ইডি। জানা গিয়েছে, এই মামলায় মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তাঁকে তিনবার চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, প্রয়োজনে আধিকারিকরা পার্থর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। বারবার গরহাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে পৌঁছেছে ইডি। জানা গিয়েছে, বাড়িতে তল্লাশির পাশাপাশি পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|
Hindustan TV Bangla Bengali News Portal