প্রসেনজিৎ ধর, কলকাতা :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় পালাবদল ঘটে গেল রাজ্য রাজনীতিতে। বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌত্র তথা প্রাক্তন বিজেপি নেতা চন্দ্র কুমার বোস। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আজ আমরা দেখছি যে, বিজেপি বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে। এখন ভারতকে বাঁচাতে এবং বিভেদের রাজনীতিকে রুখতে লড়াই করতে হবে।”প্রসঙ্গত, সম্পর্কে নেতাজির পৌত্র চন্দ্র ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওই বছরের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ২০১৯ সালে দক্ষিণ কলকাতা লোকসভা আসন থেকে ভোটে লড়েন তিনি। কোনও বারই অবশ্য জয়ের মুখ দেখেননি তিনি। তার পর থেকে অবশ্য নানা বিষয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। ২০২৩ সালে বিজেপি শীর্ষ নেতৃত্বকে পদত্যাগপত্র পাঠিয়ে দল থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।বিজেপি ছাড়ার পর থেকেই চন্দ্রের তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়। সেই জল্পনা আরও জল-বাতাস পায় মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে তাঁর কিছু প্রশংসাসূচক মন্তব্যে। এরপর গত ২৭ মার্চ সমাজমাধ্যমের পোস্টে চন্দ্র লিখেছিলেন, তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত ঐতিহাসিক ভুল ছিল। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘কোনও দলের উদ্দেশ্য যদি হয় নির্বাচনে জেতার জন্য ভোটারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তা হলে তা আমার পক্ষে মানা সম্ভব নয়!’ তার দিন ১৫ পরেই তৃণমূলে যোগ দিলেন চন্দ্র।
Hindustan TV Bangla Bengali News Portal