দেবরীনা মণ্ডল সাহা :-আজ উত্তরবঙ্গে জমজমাট রাজনৈতিক কর্মসূচি কেন্দ্রীয় মন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ তিনটি জনসভা রয়েছে ও একটি রোড-শো রয়েছে ৷ প্রথমেই তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রোড-শো কর্মসূচি করেন ৷ এখন তিনি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, তপন এবং কুমারগঞ্জ কেন্দ্রের পদ্মপ্রার্থীর সমর্থনে আজ প্রথম জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গঙ্গারামপুর ব্লকের গচিহার এলাকার মাঠে তাই আঁটোসাঁটো নিরাপত্তা৷ সভা থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান অমিত শাহ। দ্বিতীয় জনসভা করবেন মানিকচক ও মোথাবাড়ির বিজেপি প্রার্থীদের সমর্থনে ৷ অমিত শাহের শেষ জনসভা উত্তর মালদহের গাজোলে ৷ গঙ্গারামপুরের সভা থেকে তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে অমিত শাহ বলেন, “আজ বৈশাখী। পঞ্জাবে এবং দেশব্যাপী এটি খুব বড় একটি উৎসব। কাল ১৫ এপ্রিল। পয়লা বৈশাখের দিন। বাঙালি নববর্ষ শুরু হচ্ছে। বাংলা নববর্ষের দিন দিদিকে টাটা বাই বাই বলতে হবে। আপনারা সকলে দিদিতে ক্ষমতাচ্যুত করার জন্য তৈরি তো?” অমিত শাহ আরও বলেন, ‘৫ মে বিজেপি সরকার হওয়ার পর পুরো বাংলা ও দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করার কাজ করব। অনুপ্রবেশকারীরা দেশের সুরক্ষার জন্য বিপদ। এরা আপনাদের চাকরি-রেশন সব খেয়ে নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেড়া বসানোর জন্য ৬০০ একর জমি দিচ্ছে না। সরকারে এলে বিজেপি প্রথম সেই কাজ করবে।’শাহ এদিন বলেন, “বিএসএফকে কাটাঁতার লাগানোর জন্য ৬০০ একর জমি দিচ্ছেন না মমতা দিদি। আমরা স্থির করেছি, আমাদের সরকার আসার পর ৪৫ দিনের মধ্যে জমি দিয়ে দেবে বিজেপি।”শাহ আরও বলেন, “বালি, ইট, সিমেন্ট কিনতে গেলে সিন্ডিকেটকে ‘ট্যাক্স’ দিতে হয় কি হয় না? আপনারা চিন্তা করবেন না। পদ্মচিহ্নে বোতাম টিপুন। ৫ তারিখের পরে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আমরা উল্টো করে সোজা করব। পুরো রাজ্যে সিন্ডিকেটরাজ বন্ধ হবে। দিদির দুর্নীতি শেষ হয়ে যাবে।”
Hindustan TV Bangla Bengali News Portal