দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এন্টালি বিধানসভা কেন্দ্রের ধাপা এলাকায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ধাপা এলাকায় প্রচারে গিয়ে বাধার অভিযোগ তুললেন এন্টালির বিজেপি প্রার্থী। তিনি জানান, মঙ্গলবার প্রচারে গিয়ে বিজেপির ইশতেহারের প্রতিশ্রুতি তুলে ধরে প্রচার করছিলেন। অভিযোগ সেই সময় তাঁকে স্থানীয় তৃণমূল মহিলা কর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে। বিজেপি কর্মীদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।অভিযোগ, কর্মী-সমর্থকদের সঙ্গে তিনি এলাকায় ঢুকতেই তাঁদের বাধা দেয় একদল। ওঠে জয় বাংলা স্লোগান। এদিকে পালটা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দলের পতাকা, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। পালটা হামলা চালায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কমিশনের টিম। তাঁরা আয়ত্তে আনে পরিস্থিতি। আটক করা হয়েছে ৬ জনকে।প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, “এরা দীর্ঘদিন ধরেই অশান্তির চেষ্টা করছে। আমি ৫ দিন আগে এদের মধ্যে ৫ জনের নাম থানায় দিয়েছি। দলে ২-৩ জন মহিলাও আছে। থানা জানত আমি আজ এই এলাকায় আসব। ওসির সঙ্গে কথা হয়েছিল। তা সত্ত্বেও এই ঘটনা।” এপ্রসঙ্গে এন্টালির তৃণমূল প্রার্থী বলেন, “উনি মানুষকে উত্যক্ত করছে। একেক দিন এক এক এলাকায় গিয়ে অশান্তি পাকাচ্ছেন। আমরা এলাকায় শান্তি রাখার চেষ্টা করছি।”
Hindustan TV Bangla Bengali News Portal