Breaking News

ভোটের মুখে ফের পুলিশ প্রশাসনে রদবদল!বেলডাঙার এসডিপিও-র পর এবার আইসি বদল, হাওড়া থেকে নতুন দায়িত্বে আশুতোষ রাই

দেবরীনা মণ্ডল সাহা:- ভোটের আগে ফের পুলিশ প্রশাসনে রদবদল। এবার বেলডাঙা থানার আইসি’‌কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সম্প্রতি বেলডাঙার এসডিপিও বদল করা হয়েছিল। এবার থানার আইসিকে বদলে দিল কমিশন। মঙ্গলবার বেলডাঙা থানার বর্তমান আইসি অনিমেষ দে-কে সরিয়ে তাঁর জায়গায় নতুন আইসি হিসেবে হাওড়া পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর আশুতোষ রাইকে দায়িত্ব দেওয়া হল । কমিশনের কড়া নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার মধ্যেই আশুতোষবাবুকে নতুন দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাজ্য পুলিশের বড়সড় রদবদলের সময় বেলডাঙার এসডিপিও উত্তম গড়াইকে সরিয়ে আনন্দজিৎ হোড়কে সেই দায়িত্ব দিয়েছিল কমিশন। মাত্র তিন দিনের ব্যবধানে মহকুমা পুলিশ আধিকারিক এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক— দুই গুরুত্বপূর্ণ পদেই নতুন মুখ নিয়ে আসা হলো।বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই পরিযায়ী এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। ঝাড়খন্ডে কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের ওই শ্রমিকের। এরপরেই গোটা এলাকা একেবারে রণক্ষেত্র আকার নেয়। দুদিন ধরে কার্যত তাণ্ডব। হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে এনআইএ।যদিও তদন্ত নিয়েও রাজ্য এবং এনআইএ সংঘাত প্রকাশ্যে এসেছে। কখনও হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এর মধ্যেই বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। এরমধ্যেই প্রথমে বেলডাঙার এসডিপিও এবং আজ বেলডাঙার ওসিকে সরিয়ে দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছে কমিশন। এজন্য সবরকম পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *