Breaking News

মোথাবাড়ি কাণ্ডে ৪৯ জনের মধ্যে ১২ জনকে হেফাজতে চাইল এনআইএ!জামিনের আবেদন মূল অভিযুক্ত মোফাক্কেরুলের

নিজস্ব সংবাদদাতা :- মালদহের মোথাবাড়িতে এসআইআর বা ভোটার তালিকা সংক্রান্ত কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় জল গড়িয়েছে বহুদূর। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামলার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এবার সেই ঘটনায় ধৃত ৪৯ জনের মধ্যে ১২ জনকে নিজেদের হেফাজতে চেয়ে কলকাতার নগর দায়রা আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় সংস্থা।
বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে মোথাবাড়ি মামলার শুনানি ছিল। এই ঘটনায় মোট ৫২ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এদিন ৪৯ জন অভিযুক্তকে আদালতে তোলা হয়। কেন্দ্রীয় গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃত ৪৯ জনের মধ্যে ১২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় এনআইএ। বাকি ৩৭ জনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তদন্তের স্বার্থেই সমস্ত গোপন তথ্য এখনই সর্বসমক্ষে আনতে চাইছেন না তাঁরা |এই ঘটনার মূল অভিযুক্ত মোফাক্কেরুলের আইনজীবীর পাল্টা দাবি তদন্তের শুরুতে রাজ্য পুলিশ মোফাক্কেরুল ইসলামকে এই ঘটনার ‘মূলচক্রী’ বলে অভিহিত করেছিল। এদিন আদালতে তাঁর জামিনের আবেদন জানান আইনজীবী। মোফাক্কেরুলের আইনজীবীর দাবি তাঁর মক্কেলকে নেহাতই ‘বলির পাঁঠা’ করা হচ্ছে। এই গোটা ঘটনার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। মোফাক্কেরুলের আইনজীবী বলেন, ‘‘স্বচ্ছ তদন্তের জন্য এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি যত দূর জানি, সরকারের সঙ্গে সহযোগিতা করে মোফাক্কেরুল জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন। ঘটনার সঙ্গে ওঁর যুক্ত থাকার কোনও সম্ভাবনা নেই। উনি সমাজমাধ্যমে জনপ্রিয়। ওঁকে চিনতে পেরে ওখানকার লোকজন জমায়েত সরানোর অনুরোধ করেছিলেন। পুলিশও ওঁর সহযোগিতা চেয়েছিল। আশা করি বিচারক জামিনের আবেদন মঞ্জুর করবেন।’’এই ঘটনার জেরে নির্বাচন কমিশনের নির্দেশে কড়া পদক্ষেপ করা হয়। অপসারণ করা হয় রাজ্যের তৎকালীন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, মালদহের জেলাশাসক এবং পুলিশ সুপারকে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এনআইএ মোট ১২টি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

ভোটের মুখে মোথাবাড়ির এই অশান্তি এবং কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা রাজ্য রাজনীতির পারদ চড়াবে, তা বলাই বাহুল্য। এখন আদালত ১২ জনকে এনআইএ হেফাজতে দেয় কি না, সেটাই দেখার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *