Breaking News

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা, কুণাল বললেন ‘গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। শুক্রবার দুপুরে ২ নম্বর এলগিন রোডে মিরাজ শাহ নামে ওই প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এই নিয়ে সবর হল তৃণমূল। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর দফতরের হানা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। হারবে জেনে নির্লজ্জের মতো এসব করছে। ভোটের পরিবেশ নষ্ট করছে।”জানা গিয়েছে, ভবানীপুর এডুকেশন সোসাইটি নামে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তার অধ্যক্ষ, মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহ। তিনি ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে ৬ জনের মধ্যে অন্যতম প্রস্তাবকও তিনি। এছাড়া মিরাজ শাহর বিবিধ পরিচয় রয়েছে। তিনি ভবানীপুরে গুজরাটি সংগঠনের প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বরাবর খুব ভালো সম্পর্ক। গত ৮ এপ্রিল তৃণমূল নেত্রী যখন মনোনয়ন পেশ করেন, সেসময় তাঁর পাশেই ছিলেন মিরাজ শাহ। সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ এলগিন রোডে মিরাজের বাড়িতে আচমকাই হানা দেয় আয়কর বিভাগ| আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মিরাজের আপ্ত সহায়ক ও বাড়ির অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ প্রসঙ্গে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী চিরঞ্জিত দত্ত জানিয়েছেন, ”আমি আয়কর হানা নিয়ে কিছুই জানতাম না। জওয়ানদের জিজ্ঞেস করে জানতে পারি, অফিসাররা স্যরের সঙ্গে কথা বলতে এসেছেন। এখানে স্যরের পুরো পরিবার থাকে। এটা সেই ১৯৪১ সালের বাড়ি। এর বেশি কিছু জানি না।”
আয়কর বিভাগ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে মূলত জমি দুর্নীতি মামলা রয়েছে। বিতর্কিত জমি কিনে ভুয়ো দলিল তৈরির অভিযোগের তদন্ত করতে এদিন মিরাজের বাড়িতে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *