দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ভোটের দু’দিন আগে এবং ভোটের দিন মোটর বাইক ব্যবহার নিয়ে বিধিনিষেধ আরোপ কমিশনের। যেহেতু প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। ফলে একাধিক জেলায় মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই এই নিষেধাজ্ঞা বলবৎ হয়ে যাচ্ছে।ইতিমধ্যে কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে স্পর্শকাতর এলাকায় নিষিদ্ধ হচ্ছে বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল। এমনকী প্রত্যেকদিন সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে মোটরবাইক চালানোও। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে (যেমন চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-নিয়ে আসা) এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যাঁরা বাইকে সওয়ার হবেন, তাঁদেরও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, র্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।এর বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে তাঁকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এই নিষেধাজ্ঞাগুলি সংবাদপত্র, টিভি, সমাজমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার করার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। অবাধ নির্বাচনের স্বার্থে এই বিধিনিষেধ যাতে লঙ্ঘিত না-হয়, তা নিশ্চিত করতে বলেছে কমিশন। আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাজ্যে প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। প্রথম দফার ভোটের আগে সোমবার থেকেই ওই এলাকায় বাইক সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর হচ্ছে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে ২৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের আগে ২৭ এপ্রিল থেকেই ওই সমস্ত এলাকায় ওই বিধিনিষেধ জারি হবে।
Hindustan TV Bangla Bengali News Portal