Breaking News

শেষবেলার প্রচারে রণক্ষেত্র!ভাঙল বিজেপি প্রার্থীর হাত,বাইক র‍্যালি চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তাক্ত মোহনপুর

প্রসেনজিৎ ধর :- প্রথম দফা ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। প্রচারের শেষ দিনে রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন। মঙ্গলবার সকালে দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানাকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম প্রার্থী, ভেঙে গেছে হাত। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থকও। তৃণমূলের পাল্টা দাবি, তাদের কয়েকজন কর্মী-সমর্থকও আক্রান্ত।মঙ্গলবার সকালে দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে হরিপুর থেকে একটি বিশাল মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, র‍্যালিটি সাবড়া থেকে মোহনপুর যাওয়ার পথে আঁতলা এলাকায় পৌঁছালে আচমকাই তাঁদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানো হয় বলে দাবি বিজেপির।হামলায় বিজেপি প্রার্থী অজিত কুমার জানার তাঁর একটি হাত ভেঙে গিয়েছে বলে খবর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অনেক কর্মী-সমর্থক জখম হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীরা প্রার্থীর বেশ কয়েকটি গাড়ি, সমর্থকদের মোটরবাইকেও দেদার ভাঙচুর চালায় বলে অভিযোগ।ঘটনার প্রতিবাদে, দোষীদের গ্রেফতারের দাবিতে মোহনপুর থানার সামনে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। দীর্ঘক্ষণ চলে সেই অবরোধ। যার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, নিশ্চিত হার জেনে সন্ত্রাস ছড়িয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *