Breaking News

বালি পাচার মামলাতেও ইডির দফতরে হাজিরা দিলেন না ডিসি শান্তনু সিনহা বিশ্বাস!ইডির কাছে সময় চাইলেন আইনজীবী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবের পরেও বালি পাচার মামলায় হাজিরা দিলেন না কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস। তবে আইনজীবী পাঠিয়ে তিনি সময় চেয়েছেন বলে সূত্রের খবর। গত রবিবার ভিন্ন একটি মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনুর বাড়িতে হানা দিয়েছিল ইডি।গত রবিবার ভোরে ইডি আধিকারিকরা রাজ্যে আসেন। একাধিক জায়গায় চলে ব্যাপক তল্লাশি। সেই তালিকায় ছিল ফার্ন রোডে ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িও। সেখানেও ভোর থেকে শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, সোনা পাপ্পুর বিরুদ্ধে ওঠা জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও এক মামলার ভিত্তিতে তল্লাশি। বেহালার ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও তল্লাশি চালায়। রাত ২টো পর্যন্ত ডিসির বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশির পরদিনই শান্তনুর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন কেউ ইডি দফতরে হাজিরা দেননি।এরপর বালি পাচার সংক্রান্ত মামলায় তলব করা হয় ডিসিকে। বুধবার ইডির অফিসে যাওয়ার কথা ছিল তাঁর। যদিও এদিন সিজিও কমপ্লেক্সে যাননি ডিসি। পরিবর্তে যান তাঁর আইনজীবী। সূত্রের খবর, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শান্তনু সময় চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। বালি পাচার সংক্রান্ত একটি মামলায় আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি। জানা যাচ্ছে, সেই মামলার সূত্রেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *