Breaking News

‘৫০০ জন গ্রেফতার! অবজারভারদের অথরিটি নেই’, পর্যবেক্ষকদের আদালতে তোলার হুঁশিয়ারি প্রাক্তন নগরপাল রাজীব কুমারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রথম দফার ভোটের আগের দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে গিয়ে একাধিক অভিযোগ তুলে ধরল তৃণমূল কংগ্রেস। দলের তিন প্রতিনিধি– শুভাশিস চক্রবর্তী, শশী পাঁজা এবং রাজীব কুমার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা ও প্রশাসনের বিরুদ্ধে সরব হন।আদর্শ নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকে একের পর এক পুলিশ আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। নিজেদের পছন্দমতো আধিকারিক নিযুক্ত করা হয়েছে। তা নিয়ে আগেও একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছে তৃণমূল। অভিযোগের জল গড়িয়েছিল আদালতেও। সেই তৃণমূলই এবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সিইও মনোজকুমার আগরওয়ালের দ্বারস্থ। দুই মেদিনীপুরে বিজেপির হয়ে পুলিশ কাজ করছে, এমনই অভিযোগ জানিয়েছেন শশী পাঁজা, রাজীব কুমাররা |তৃণমূলের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমার পর্যবেক্ষকদের কড়া ভাষায় সতর্ক করে বলেন, তাঁদের গ্রেফতারের নির্দেশ দেওয়ার কোনও আইনি অধিকার নেই। তিনি অভিযোগ করেন, ”পর্যবেক্ষকরা মৌখিক নির্দেশ দিচ্ছেন, যা আইনসঙ্গত নয়। আমরা এমন ঘটনাও দেখছি, যেখানে তাঁরা বিজেপি প্রার্থীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করছেন।” তিনি আরও হুঁশিয়ারি দেন, ”অসাংবিধানিক কাজ হলে আমরা আদালতের দ্বারস্থ হব। নির্বাচনের পর আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদের আইনের মুখোমুখি করা হবে।”রাজীব কুমারের দাবি, পর্যবেক্ষকদের মৌখিক নির্দেশে ইতিমধ্যেই ৫০০-র বেশি গ্রেফতারি হয়েছে, যা ফৌজদারি কার্যবিধি ও নির্বাচনী আইনের লঙ্ঘন। তিনি জানান, এই বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া হবে ”সুপরিকল্পিত, নথিভুক্ত এবং কঠোর”। পাশাপাশি তিনি বলেন, যেসব আধিকারিক বেআইনি গ্রেফতারে যুক্ত, তাঁদের নাম প্রকাশ করে আদালতে তোলা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *