দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিবেচনাধীন তালিকা থেকে বিচারকেরা যে সমস্ত নাম বাদ দিয়েছিলেন, তার মধ্যে প্রথম দফার ১৩৯ জন ভোটারের নাম তালিকায় তুলল ট্রাইব্যুনাল। তবে আগের তালিকা থেকে মুছেও দেওয়া হল আট জনের নাম। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে নিষ্পত্তির তথ্য প্রকাশ করেছে। তাতেই এই পরিসংখ্যান জানা গিয়েছে। প্রথম দফার মোট ৬৫৭টি মামলার নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল | এর মধ্যে ১৩৯ জন ভোটারকে বৈধ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ট্রাইবুনালের বিচার প্রক্রিয়ায় আট জনের নাম অযোগ্য বলে বিবেচিত হয়েছে এবং তালিকা থেকে তাঁদের নাম মুছে ফেলা হয়েছে। বাকি মামলাগুলির ক্ষেত্রে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে কমিশন স্পষ্ট কিছু জানায়নি।পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষাধিক নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই বিবেচনাধীন তালিকার নামগুলির নিষ্পত্তি করেন। তাতেও অনেক ভোটার ‘অযোগ্য’ হিসাবে বিবেচিত হয়েছিলেন। আদালত জানিয়েছিল, চাইলে এই ভোটারেরা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দফার ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। কিন্তু শীর্ষ আদালত জানায়, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যে সমস্ত নামের নিষ্পত্তি করবে এবং যাঁদের ভোটার হিসাবে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট বৃহস্পতিবার, ২৩ এপ্রিল। সেই অনুযায়ী বুধবার রাতে ট্রাইবুনালের নিষ্পত্তির পরিসংখ্যান এল।
Hindustan TV Bangla Bengali News Portal