Breaking News

‘প্রশ্ন করার ক্ষমতা অরাজকতা নয়, এত নীচে নেমে গেলেন?’যাদবপুরের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মোদীর ‘শিষ্টাচার’ নিয়ে প্রশ্ন তুললেন মমতা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-যাদবপুরের পড়ুয়াদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি প্রধানমন্ত্রীর শিষ্টাচার ও সৌজন্যবোধ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না। রাজ্যের অন্যতম এবং নামী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে পারছে না রাজ্য সরকার। শুক্রবার বারুইপুরে রাজনৈতিক সভা থেকে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘এতটা নীচে নামতে পারেন?’’ মুখ্যমন্ত্রী এ-ও জানান, প্রধানমন্ত্রী এমন মন্তব্য করে মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদেরই অপমান করলেন। আর ক্ষমতাকে প্রশ্ন করা মানেই সেটা অরাজকতা নয়।মোদীর মন্তব্যের সমালোচনায় শুক্রবার সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেন মমতা। তিনি লেখেন, ‘‘জিজ্ঞেস করতে কষ্টই হল— বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্পর্কে এ ভাবে বর্ণনা করা যায়? এটাই কি আপনার শালীনতা এবং সৌজন্যবোধের ধারণা?’’ মুখ্যমন্ত্রী জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মোদী সরকারই এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে উঁচু জায়গায় রাখে। আর প্রধানমন্ত্রী সেই প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্বকে খাটো করে অপমান করেছেন। মমতা লেখেন, ‘‘আপনি কি এত নীচে নেমে গিয়েছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাঁদের মেধা দিয়ে জায়গা করে নিয়েছেন। ডিগ্রি নিয়ে, বুদ্ধি নিয়ে, প্রশ্ন করার ক্ষমতা নিয়ে বেরিয়েছেন। এটা তো অরাজকতা নয়। এটাই শিক্ষা এবং এটাই শ্রেষ্ঠত্ব।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *