Breaking News

ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত!তৃণমূল-বিজেপির সংঘর্ষে আহত দুপক্ষের একাধিক

প্রসেনজিৎ ধর :-নির্বাচন মিটতে না মিটতেই অশান্তি। ভোট পরবর্তী হিংসায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের ময়নায়। শুক্রবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষের কারণে জখম দুই পক্ষের একাধিক কর্মী, সমর্থকেরা। একে অন্যকে দোষারোপ শাসক ও বিরোধী দলের। জানা গিয়েছে, ময়নার বাকচার সাইথিয়া পুল এলাকায় বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয় এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ি-ঘর ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশে অভিযোগ করা হয়। এ দিন সকাল থেকে ফের প্রায় ২৫০-৩০০ জন বিজেপি কর্মী তাঁদের বাড়িতে গিয়ে মারধর শুরু করে। বাড়ির মহিলাদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের ৪ কর্মীকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
আহতদের পরিবারের এক সদস্য অর্চনা বলেন, “গতকাল রাতে আমাদের বাড়িতে ভাঙচুর করে। আমরা পুলিশকে জানাই। কেন অভিযোগ করা হয়েছে, সেই কথা বলে আজ সকালে বিজেপির প্রায় ২৫০-৩০০ জন আমাদের বাড়িতে হামলা করে। ছেলেদের পাশাপাশি মহিলাদেরও মারধর করা হয়েছে। মহিলাদের শাড়ি ছিড়ে দিয়েছে।”অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, ভোটের পর দিন এলাকায় আড্ডা দিচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় এক তৃণমূল সমর্থক ও তাঁর স্ত্রী বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করে। স্থানীয় বিজেপি নেতা বলেন, “রাজ্যজুড়ে পরিবর্তনের ঝড় উঠেছে। ময়নাতেও বিজেপি জিতবে। তাতেই তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে। আমাদের এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক। আরও কয়েকজনের খোঁজ মেলেনি।” ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও ময়না থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *