Breaking News

দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় তল্লাশি এনআইএ-র!

নিজস্ব সংবাদদাতা :-দ্বিতীয় দফার ভোটের আগে এ রাজ্যে ‘সক্রিয়’ জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া-সহ বিভিন্ন জেলার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এনআইএ। সূত্রের খবর, মূলত স্পর্শকাতর এলাকাগুলিতে হানা দিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা|ভাটপাড়ার ঘটনার তদন্তে মঙ্গলবার এলাকায় পৌঁছল চার সদস্যের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) দল। রবিবার গভীর রাতে ভাটপাড়ায় বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হন। সেই ঘটনার সূত্রেই তদন্ত শুরু করেছে এনআইএ। মঙ্গলবার জগদ্দল থানায় গিয়ে এলাকার পরিস্থিতি, ঘটনাস্থলের তথ্য এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহ করেন তদন্তকারীরা। পাশাপাশি বোমা উদ্ধারের ঘটনাতেও এনআইএ তদন্তকারীরা ভাঙড়ে গিয়ে তদন্ত শুরু করেছে। দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানান, ভোটের মুখে তাজা বোমা, বেআইনি অস্ত্র বা গোলাবারুদ উদ্ধারের ঘটনাগুলির তদন্ত করছে এনআইএ। সেই সূত্র ধরেই ভোটের আগের দিন এনআইএ-র এই অভিযান। ওই আধিকারিক আরও জানান, ভোটের আগে বা ভোটের দিন বা ভোটের পরে অস্ত্র উদ্ধার সংক্রান্ত কোনও অভিযোগ পেলে, তা খতিয়ে দেখতে তৎপর এনআইএ।
ভোট ঘোষণার পরের দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযানের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো দিকে দিকে তল্লাশিতে নেমেছে পুলিশের বিভিন্ন দল। তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। শুধু নাকা চেকিং নয়, গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন ঠিকানাতেও হানা দিচ্ছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *