Breaking News

অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতার অভিযোগ? ফলতার জয়েন্ট বিডিওকে সরিয়ে দিল কমিশন!

নিজস্ব সংবাদদাতা :-২০২৬-এর বিধানসভা নির্বাচনের শেষ দফার আগে আবারও রদবদল| ফলতার জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হল। তাঁকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। তাঁর জায়গায় ফলতার নতুন যুগ্ম বিডিও করা হয়েছে রম্য ভট্টাচার্যকে।দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতা অভিযোগে এই সিদ্ধান্ত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে আলোচনায় উঠে এসেছে ফলতা। সেখানে পুলিশ পর্যবেক্ষক অজয়পালের বিরুদ্ধে বাড়িতে ঢুকে মহিলাদের হেনস্থার অভিযোগ তুলেছে তৃণমূল। দাবি, জাহাঙ্গিরের বাড়ির সামনে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে এসেছেন। মঙ্গলবার সেই বিতর্ক আরও বাড়ে অজয়পালের কনভয়ের সামনে বিক্ষোভে। মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার অগ্রবাল জানিয়েছেন, ফলতার ঘটনায় চাইলে কমিশনকে রিপোর্ট দিতে পারেন অজয়পাল।দ্বিতীয় দফার ভোটের আগে বাড়তি নজরদারির জন্য কমিশন নতুন করে যে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করেছিল, তাঁদের মধ্যে অন্যতম অজয়পাল। তিনি উত্তরপ্রদেশ পুলিশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’। রয়েছেন প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে। সোমবার রাতে জাহাঙ্গিরের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হানা দিয়েছিল বলে অভিযোগ। তার নেতৃত্বে ছিলেন এই অজয়পাল। রাতে জাহাঙ্গিরের সঙ্গে তাঁর দেখা হয়নি। তবে এলাকায় গিয়ে তৃণমূল প্রার্থীর পরিচিতদের বুঝিয়ে দিয়ে এসেছিলেন, ভোটারদের হুমকি দিলে ফল ভাল হবে না। এই ঘটনার পর পুলিশ পর্যবেক্ষকের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। জাহাঙ্গির জানান, ওই পুলিশ আধিকারিক ‘সিংহম’ হলে তাঁরাও এক এক জন ‘পুষ্পা’। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কাছে তাঁরা মাথা নত করবেন না।
এরপর মঙ্গলবার সকালে অজয়পাল এবং জাহাঙ্গিরেরা মুখোমুখি হন। ফলতার তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে অজয়পালের কনভয় যাওয়ার পর ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ কনভয় আটকে ছিল। তার পিছনের কয়েকটি গাড়িও আটকে পড়েছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই ফলতার যুগ্ন বিডিও-কে পক্ষপাতিত্বের অভিযোগে সরিয়ে দেওয়া হল। কমিশন সূত্রে খবর, ভোটের আগে-পরে ফলতায় অতিরিক্ত বাহিনীকে তৈরি রাখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *